/indian-express-bangla/media/media_files/2025/12/17/tmc-2025-12-17-12-57-16.jpg)
Dankuni TMC councillor: খসড়া ভোটার তালিকায় 'মৃত' বলে দেখানো সেই কাউন্সিলর।
Surya Dey-Dankuni: হুগলির ডানকুনি পুরসভার এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো নিয়ে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নিজের নাম মৃত ভোটার হিসেবে নথিভুক্ত দেখতে পেয়ে প্রতিবাদে স্থানীয় শ্মশানে গিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসেন ওই কাউন্সিলর।
ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে জানান, তিনি নিয়ম মেনেই এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। যেহেতু ২০০২ সালে তিনি ভোটার হওয়ার যোগ্য ছিলেন না, তাই ওই সময়কার ভোটার তালিকার সঙ্গে তাঁর বাবার নাম মিলিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেন। কিন্তু মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তা খতিয়ে দেখে তিনি বিস্মিত হন, তাঁর নাম ‘মৃত ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এরপর তৃণমূল কর্মীদের একটি দলকে সঙ্গে নিয়ে সূর্য দে ডানকুনির কালীতলা শ্মশানে যান। সেখানে প্রতীকী প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, নির্বাচন কমিশন যেহেতু তাঁকে মৃত ঘোষণা করেছে, তাই আনুষ্ঠানিকভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হোক। তাঁর অভিযোগ, “এটা নির্বাচন কমিশনের একটি গভীর ষড়যন্ত্র। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমি একজন নির্বাচিত কাউন্সিলর, আমার নামই যদি মৃত দেখানো হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে?”
আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক
সূর্য দে হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তিনি জানান, এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন দপ্তরের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে নিজেকে জীবিত ও প্রকৃত ভোটার হিসেবে পুনরায় নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করবেন। এদিকে, নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের (বিএলও) কাছে অভিযোগ জানালে দ্রুত এই ত্রুটি সংশোধন করা হবে।
আরও পড়ুন- SIR List: ভোটার লিস্টে সুনামি-কম্পন! বৈধরা বাদ পড়েছেন কিনা খুঁজবেন মমতা, সোমে জরুরি বৈঠক
অন্যদিকে, বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, প্রাথমিকভাবে যে ASDD (Absent, Shifted, Dead, Duplicate) তালিকা জমা পড়েছিল, সেখানে সূর্য দে-র নাম ছিল না এবং সেই তালিকায় সংশ্লিষ্ট তৃণমূলের বিএলএ-২-এর স্বাক্ষরও ছিল। পরে কীভাবে তাঁর নাম যুক্ত হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মালব্য আরও দাবি করেন, এই ঘটনার জেরে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিএলও, এআরও এবং ইআরও-কে শোকজ নোটিস পাঠিয়েছে।
এই ঘটনার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি নির্দেশ দেন, খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখে যেসব প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করতে হবে এবং অভিযোগ জানাতে সাহায্য করতে হবে। পাশাপাশি, ভোটারদের সহায়তার জন্য রাজ্যজুড়ে “মে আই হেল্প ইউ” কাউন্টার খোলার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us