/indian-express-bangla/media/media_files/2025/09/03/ac-2025-09-03-16-33-11.jpg)
AC local train: এসি লোকাল ট্রেন।
AC Local Train: অফিস যাত্রীদের জন্য খুশির খবর। এবার শিয়ালদার পর হাওড়া, মেইন লাইনে ছুটবে নতুন এসি লোকাল। রেল সূত্রে ইঙ্গিত এমনটাই। ফলে গরমে ঘেমে-নেয়ে নাভিশ্বাস ওঠার দিন কার্যৎ শেষ হতে চলেছে। কবে ও কোন রুটে চলবে এসি লোকাল? রইল বড় আপডেট।
পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবার উন্নতিতে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে। কলকাতায় ‘৩য় রেল ইন্ডিয়া ফোরাম’-এ অংশ নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানান, খুব শীঘ্রই হাওড়া–ব্যান্ডেল রুটে চালু হতে পারে এসি লোকাল ট্রেন। তাঁর কথায়, হাওড়া ডিভিশন ইতিমধ্যেই পাঁচটি নতুন এসি ইএমইউ রেকের জন্য রেলওয়ে বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে। রেকগুলি পৌঁছালেই পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হবে।
দেউস্কর জানান, শিয়ালদহ ডিভিশনে ইতিমধ্যেই এসি লোকাল যথেষ্ট সাফল্য পেয়েছে। কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে যাত্রী সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন রেকের অনুমোদন মিলেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল এবং হাওড়া-বর্ধমান রুটেও এসি লোকাল চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী চাহিদা, ট্রাফিক লোড এবং সময়সূচির ওপর ভিত্তি করে নেওয়া বিস্তারিত সমীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তাঁর বক্তব্য, “লোকাল ট্রেনই সাধারণ মানুষের লাইফলাইন, তাই যাত্রী পরিষেবা উন্নত করা আমাদের প্রথম লক্ষ্য।”
রেল সূত্রে আরও জানা গেছে, হাওড়া–বর্ধমান শাখায় সম্ভাব্য এসি লোকাল ব্যান্ডেল হয়ে চলবে। ট্রেনটি প্রায় ১০৭ কিমি পথ অতিক্রম করবে, সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ২৩ মিনিট। ১২ কোচের এই এসি ইএমইউ ট্রেনে মোট ১,১১৬টি আসন থাকবে এবং প্রায় ৩,৭৯৮ জন দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন।
এদিকে শিয়ালদহ–কল্যাণী রুটে যাত্রী সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের অন্যান্য দিনের পাশাপাশি রবিবারও পরীক্ষামূলকভাবে এসি লোকাল চালানো শুরু হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, এসি লোকালের টিকিট বিক্রি অনেক রুটেই ১৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। ফলে বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান রুটে এসি লোকাল চালু হলে হাজার হাজার শহরতলির মানুষের কাছে রোজকারের যাতায়াত আরও আরামদায়ক ও সময়নিষ্ঠ হবে বলে মনে করছেন রেল আধিকারিকেরা।
আরও পড়ুন- হুমায়ুন কবীরের বাবরি শিলান্যাসের মাঝেই রাম মন্দিরের কর্মযজ্ঞ, বিরোধীদের তোপে মুখ্যমন্ত্রী
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us