ভোটমুখী বঙ্গে বিরাট চমক মোদী সরকারের, হাওড়া বর্ধমান মেইন শাখার সঙ্গে মিলবে কর্ড লাইন, সরাসরি সংযোগে সবুজ সংকেত

হাওড়া–বর্ধমান কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেল (BDR) লাইনের সংযুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার হাওড়া–বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি সংযোগ গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় রেল।

হাওড়া–বর্ধমান কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেল (BDR) লাইনের সংযুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার হাওড়া–বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি সংযোগ গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় রেল।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
local train

ভোটের আগে বাংলায় রেলের বড় চমক

হাওড়া–বর্ধমান কর্ড লাইনের সঙ্গে বাঁকুড়া দামোদর রিভার রেল (BDR) লাইনের সংযুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার হাওড়া–বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি সংযোগ গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় রেল। নতুন বছরের শুরুতে ভোটমুখী পশ্চিমবঙ্গে একের পর এক নতুন ট্রেন পরিষেবা চালুর আবহে এই প্রস্তাবে রেল দফতরের সবুজ সংকেত পাওয়ায় খুশি বর্ধমান, হুগলি ও বাঁকুড়া জেলার বাসিন্দারা। তাঁদের মত, এই নতুন রেলপথ নির্মাণে জমি সংক্রান্ত বড় কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

Advertisment

আরও পড়ুন-অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা    

বর্তমানে হাওড়া–বর্ধমান মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সরাসরি কোনও যোগাযোগ নেই। ফলে বর্ধমান বা বাঁকুড়া থেকে হুগলির তারকেশ্বর যাওয়ার জন্য যাত্রীদের ঘুরপথে যাতায়াত করতে হয়। এর ফলে ভোগান্তিতে পড়ছেন শুধু সাধারণ যাত্রীরাই নন, সমস্যায় পড়ছেন বর্ধমান, হুগলি ও বাঁকুড়া জেলার চাষিরাও। এই তিন জেলার মধ্যে ট্রেন পরিষেবা আরও সহজ ও সাবলীল হলে কৃষিপণ্য পরিবহণ ও বিক্রিতে বড় সুবিধা মিলত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত বছরই হাওড়া–বর্ধমান কর্ড শাখার মসাগ্রাম স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে বাঁকুড়া দামোদর রিভার রেল (BDR) লাইন। এর ফলে বাঁকুড়া থেকে হাওড়া যাতায়াত অনেকটাই সহজ হয়েছে। এবার মেন লাইনের সঙ্গে কর্ড লাইনের সংযোগের প্রস্তাব গৃহীত হওয়ায় চাষি থেকে সাধারণ মানুষ সবাই উন্নত যোগাযোগ ব্যবস্থার আশায় দিন গুনছেন।

আরও পড়ুন-১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই ৫ বড় ঘোষণা? ব্রেকিং আপডেট সামনে আসতেই মধ্যবিত্ত শ্রেণির মুখে চওড়া হাসি   

রেল দফতর সূত্রে জানা গিয়েছে, হাওড়া–বর্ধমান মেন লাইনের রসুলপুর থেকে কর্ড শাখার পাল্লা রোড পর্যন্ত প্রায় ৭–৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে মসাগ্রামে কর্ড শাখা ও বাঁকুড়া লাইনের জন্য ক্রসিং ব্যবস্থা গড়ে তুলতে রেল ওভার ব্রিজ বা আরওবি নির্মাণ করা হবে। বালি স্টেশনের আদলে একই স্টেশনে উপর ও নিচে দুটি প্ল্যাটফর্ম রাখার পরিকল্পনাও রয়েছে। এই ব্যবস্থাপনায় বাঁকুড়া–মসাগ্রাম লাইনের মাঠনসিপুর স্টেশনকে ‘হল্ট স্টেশন’ থেকে উন্নীত করার কথাও ভাবা হচ্ছে।

এছাড়াও রেল দফতরের পরিকল্পনায় রয়েছে মাঠনসিপুর থেকে হুগলির জঙ্গলপাড়া পর্যন্ত নতুন রেললাইন বসানোর প্রস্তাব। এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রেল বোর্ড ইতিমধ্যেই রসুলপুর থেকে পাল্লা রোড–মসাগ্রাম–মাঠনসিপুর হয়ে জঙ্গলপাড়া পর্যন্ত প্রায় ৭৮ কিলোমিটার রেলপথের সমীক্ষার নির্দেশ দিয়েছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, “নতুন রেলপথের প্রস্তাব এসেছে। চূড়ান্ত সমীক্ষা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।” সমীক্ষা শেষে বিস্তারিত রিপোর্ট রেল বোর্ডে জমা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। তবে ভোটমুখী পশ্চিমবঙ্গে এই রেল প্রকল্প শুধুমাত্র ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে রূপ পাবে সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।

আরও পড়ুন-  বিজেপি কর্মীকে না পেয়ে মাঝ রাস্তায় দাদাকে এলোপাথাড়ি মারধর! ভোটের আগেই বাংলায় রাজনৈতিক হিংসার বলি? 

Indian Rail