/indian-express-bangla/media/media_files/2026/02/25/police-2026-02-25-11-47-16.jpg)
Cyber Crime News: ছবিটি AI প্রযুক্তি দ্বারা তৈরি।
ইউটিউবে ভিডিও দেখে সস্তায় পাইকারি পোশাক কিনতে এসে বড়সড় প্রতারণার শিকার হলেন মধ্যপ্রদেশের এক বস্ত্র ব্যবসায়ী। নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে বেপাত্তা এক নামী ইউটিউবার। হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যবসায়ী বিজয় দুবে। বর্তমানে অভিযুক্ত সেই ইউটিউবারের খোঁজে হন্যে হয়ে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা বিজয় দুবে ব্যবসার প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় সস্তায় জামাকাপড় বিক্রির খোঁজখবর রাখতেন। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও দেখে তিনি হাওড়ার এক বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। ভিডিওর আকর্ষণীয় অফার দেখে পোশাক কেনার জন্য সরাসরি হাওড়ায় আসার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন- West Bengal News Live: ভোটের ময়দানে নতুন সমীকরণ! বাম-ISF জোট নিয়ে বড় ধামাকার অপেক্ষায় বাংলা
পুলিশকে দেওয়া জবানবন্দিতে বিজয় দুবে জানিয়েছেন, কয়েকদিন আগে জবলপুর হামসফর এক্সপ্রেসে তিনি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছান। হাওড়ার একটি হোটেলে ওঠার পর সেই ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্ত ইউটিউবার তাঁকে বাইকে বসিয়ে হাওড়ার বিভিন্ন বস্ত্র হাট ও নামী দোকান ঘুরিয়ে দেখায়।
পোশাক পছন্দ হওয়ার পর, জামাকাপড় কেনা এবং বুকিং বাবদ অগ্রিম ৫০ হাজার টাকা ওই ইউটিউবারের হাতে নগদে তুলে দেন তিনি। মালপত্র গন্তব্যে পৌঁছে দেওয়ার ডেলিভারি চার্জ হিসেবে আরও ২ হাজার টাকা নেয় অভিযুক্ত।
টাকা নেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনো মালপত্র বিজয় দুবের ঠিকানায় পৌঁছায়নি। এমনকি অভিযুক্ত ইউটিউবারের মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন।
আরও পড়ুন-Howrah Murder: ভোরের শান্ত গোলাবাড়িতে রক্তের হোলি! খাস হাওড়ায় হিন্দি সিনেমার স্টাইলে শ্যুটআউট
হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ইউটিউব চ্যানেলের তথ্য এবং ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই সে পলাতক।"গোয়েন্দারা মনে করছেন, এই চক্রের পিছনে আরও বড় কোনো মাথা থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে না যাচাই করে লেনদেন করার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us