/indian-express-bangla/media/media_files/2025/11/28/howrah-tmc-panchayat-chief-shot-babu-mondal-critical-2025-11-28-15-43-14.jpg)
হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল
হাওড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বালি জগাছা ব্লকের নিশ্চিন্তার সাপুইপাড়া বসুকাটী পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। তখনই বুড়ো শিবতলার কাছে দুই দুষ্কৃতী তাদের পথ আটকে গুলি চালায়। হামলায় দেবব্রত মণ্ডল এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
হাওড়ার বালি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গী। অজ্ঞাতপরিচয় দু'জন হামলাকারী মোটরবাইকে এসে আচমকাই গুলি চালায় বলে অভিযোগ। বর্তমানে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাত প্রায় ১১টা নাগাদ। দেবব্রত ওরফে “বাবু মণ্ডল একটি পার্টি শেষে বাড়ি ফিরছিলেন। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।” তাঁর কোমর ও কাঁধে গুলি লাগে। অনুপম রানা নামে তাঁর এক সহযোগী হামলাকারীকে আটকানোর চেষ্টা করলে তাকেও লক্ষ্য করে গুলি করা হয়। এরপর অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দু’জনকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অনুপম রানা সেখানেই চিকিৎসাধীন থাকলেও, দেবব্রত মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনা হয়। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অবস্থা সংকটজনক।
ঘটনার খবর পেয়ে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানিয়েছেন, “তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য সমস্ত প্রচেষ্টা চলছে। এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে"।
পুলিশ জানিয়েছে, অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। দেবব্রত মণ্ডলের কোমর এবং কাঁধে গুলি লাগে, পুলিশ কমিশনার জানান, হামলার উদ্দেশ্য এবং দুষ্কৃতীদের পরিচয় জানতে তদন্ত চলছে, পাশাপাশি এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, “এমন হামলা কেন হল তা এখনও পরিষ্কার নয়। আমরা পুলিশকে দ্রুত দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি।” ঘটনার খবর পেয়ে তৃণমূলের একাধিক নেতা ও কর্মী হাসপাতালে ছুটে আসেন। তদন্তে উঠে এসেছে সুমন চৌধুরী নামে এক অভিযুক্তের জড়িত থাকার বিষয়টিও। যিনি আগে তোলাবাজি ও খুনের চেষ্টার মামলায় জেলও খেটেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us