/indian-express-bangla/media/media_files/2025/12/04/mamata-humayun-2025-12-04-14-08-00.jpg)
Mamata Banerjee & Humayun Kabir: মমতা বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবীর।
Humayun Kabir: তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তিনি আগেই জানিয়েছিলেন যে ৬ ডিসেম্বর, বাবরি মসজিদের শিলান্যাসের দিনেই নতুন দলের কথা ঘোষণা করা হবে। সেই লক্ষ্যেই শনিবার, ২০ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের বেলডাঙার মির্জাপুরের খাগড়ুপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে প্রস্তাবিত সভামঞ্চের প্রস্তুতি পরিদর্শনে যান। সেখানে তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং মঞ্চ তৈরির কাজ ঘুরে দেখেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন, "বাংলার রাজনীতিতে মুসলমানদের দীর্ঘদিন ধরে শুধুমাত্র ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করা হয়েছে"। তাঁর দাবি, রাজ্যে প্রায় ৪ কোটি ২৬ লক্ষ মুসলমান বাস করেন, অথচ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তাঁদের ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউই মুসলমান নন। ডেপুটি মুখ্যমন্ত্রীও কোনওদিন মুসলমান হননি। এত বিপুল সংখ্যক ভোট থাকা সত্ত্বেও মুসলমানদের শুধু ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে।”
হুমায়ুন কবির দাবি করেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতির মেরুকরণ হবে মুর্শিদাবাদ থেকে এবং রাজ্যের ক্ষমতার চাবিকাঠি থাকবে মুসলমানদের হাতেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, মুখ্যমন্ত্রী অবশ্যই অমুসলিম হবেন। তাঁর বক্তব্য, “মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আগামী দিনের আমার প্রধান লক্ষ্য।”
আসন সমঝোতা প্রসঙ্গে তিনি জানান, সিপিএম, কংগ্রেস ও আইএসএফ-কে তাঁর নতুন দলের সঙ্গে আসার আহ্বান জানিয়েছেন। মুর্শিদাবাদের ২২টি বিধানসভা আসনের মধ্যে তিনি ৯টি আসনে নিজে লড়বেন বলে জানান। বাকি আসনের মধ্যে ৯টি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর জন্য, ৩টি সিপিএমের জন্য এবং ১টি আইএসএফ-এর জন্য ছাড়ার কথাও বলেন। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে শূন্য করা হবে। কেউ সহযোগিতায় না এলে একাই লড়ে ফলাফল দেখিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
রাজ্যজুড়ে ২৯৪টি আসনের মধ্যে তিনি ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানান। বাকি আসনগুলো সহযোগী দলগুলিকে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন। হুমায়ুন কবিরের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বর্তমান সরকার নিশ্চিতভাবেই পরাস্ত হবে। পাশাপাশি তিনি বিজেপিকেও নিশানা করে বলেন, ২০২১ সালে ‘২০০ পার’ স্লোগান দিয়ে শেষ পর্যন্ত ৭৭ আসনে থেমে যাওয়া বিজেপি এবার বড়জোর ১০০ আসনের কাছাকাছি পৌঁছবে। অন্যদিকে, বর্তমানে যে দল ২১৩ আসনে রয়েছে, তারাও ১০০-র নিচে নেমে যাবে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যেতে বিজেপির গাড়ি আটকে দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের সভা করার অধিকার রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য যদি আপনার সঙ্গে এমন আচরণ করতেন, তাহলে আপনি কি কখনও মুখ্যমন্ত্রী হতে পারতেন?” সিঙ্গুর আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, তখন যদি সরকার এইভাবে বাধা দিত, তাহলে ইতিহাস অন্যরকম হতো। তাঁর বক্তব্য, “সমঝে নিন, আপনার প্রাক্তন হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।”
এরপর হুমায়ুন কবির ২২ ডিসেম্বর নতুন দল গঠনের ঐতিহাসিক প্রস্তুতি সভায় যোগ দেন। রেজিনগরের রেল মাঠে অনুষ্ঠিত ওই সভা থেকে তিনি বলেন, “আমাদের অমুসলিম ভাইয়েরা যতবার ‘জয় শ্রীরাম’ বলবে, আমরা তত জোরে ‘নারায়ে তাকবীর’ বলব।” পরে সাংবাদিক সম্মেলনে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, কেউ যদি তিনবার ‘জয় শ্রীরাম’ বলে, তাহলে তাঁর পক্ষ থেকে ছয়বার ‘নারায়ে তাকবীর’ ধ্বনি তোলা হবে।
আরও পড়ুন-শুনানি পর্বে সতর্ক কমিশন, নাম যাচাইয়ে ৪০০ মাইক্রো অবসারভার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us