/indian-express-bangla/media/media_files/2025/12/04/humayun-2025-12-04-14-49-12.jpg)
Humayun Kabir: বিধায়ক হুমায়ুন কবীর।
West Bengal Assembly Election 2026: রাজ্য রাজনীতিতে নতুন চমক। মুর্শিদাবাদের মিশন বা বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য একাধিক কেন্দ্রের প্রার্থীতালিকাও ঘোষণা করে দিলেন তিনি।
দল ঘোষণার মঞ্চ থেকেই হুমায়ুন কবীর জানিয়ে দেন, আগামী বিধানসভা নির্বাচনে তিনি নিজে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা, এই দুই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর দাবি, “দুটি আসনেই আমি জিতব।”
আরও পড়ুন- Mamata Banerjee: 'নেতারা নয়, কর্মীরাই রুখবে বিজেপিকে', নেতাজি ইন্ডোরের ভাষণে আগুন মমতার
এদিন হুমায়ুন কবীর আরও জানান, তাঁর নতুন দলের হয়ে চারজন প্রার্থীই ‘হুমায়ুন কবীর’ নামেই লড়াই করবেন। ভগবানগোলা কেন্দ্র থেকে ব্যবসায়ী পেশার এক হুমায়ুন কবীর এবং রানিনগর ও বীরভূমের রামপুরহাট কেন্দ্র থেকেও হুমায়ুন কবীর নামের এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করা হয়েছে। ফলে মোট চারজন ‘হুমায়ুন কবীর’ জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামছেন।
এক নজরে জনতা উন্নয়ন পার্টির ঘোষিত প্রার্থী তালিকা:
রেজিনগর ও বেলডাঙা: হুমায়ুন কবীর (নিজে)
ভগবানগোলা: হুমায়ুন কবীর
মালদার বৈষ্ণবনগর: মুস্তারা বিবি
মুর্শিদাবাদ: মনীষা পান্ডে
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর: ডা. ওয়েদুল রহমান
বালিগঞ্জ: নিশা চট্টোপাধ্যায়
ইছাপুর: সিরাজুল মণ্ডল
রামপুরহাট - হুমায়ুন কবীর
নতুন দল ঘোষণার সঙ্গেই বেশ কয়েকটি বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল BJP-র বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর দল শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিন সভা মঞ্চ থেকেই ব্রিগেড সমাবেশের কথাও ঘোষণা করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “আমি ব্রিগেডে সভা করে দেখাব। তারিখ এখন বলছি না।”
এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকেও এদিন বেনজির আক্রমণ শানিয়ে হুমায়ুন কবীর বলেন, “আপনি একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চোরের রানী’ বলেছিলেন। এখন যাঁরা যত বেশি গাল দেন, তাঁরাই বেশি প্রমোশন পান।" তৃণমূলনেত্রীকে আক্রমণ শানিয়ে হুমায়ুন এদিন বলেন, "আপনি যদি সততার প্রতীক হন, তাহলে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনার বাবার নামে কত সম্পত্তি ছিল, তা দেখাতে পারবেন?”
হুমায়ুনের নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “সংখ্যালঘু বিধায়করা জিতলে তাঁদের ছুঁড়ে ফেলার হুমকি দিচ্ছেন। আপনাকে বলছি, আমি যদি ২০০ আসনে প্রার্থী দিই, অন্তত ১০০টিতে জিতব। রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করুন।” এককথায় সোমবার নতুন দল ঘোষণার সঙ্গেই ২০২৬-এর ভোটের দামামা বাজিয়ে দিলেন হুমায়ুন কবীর। রেজিনগর ও বেলডাঙায় নিজে লড়াই করে তৃণমূল ও বিজেপি, দুই দলকেই রাজনৈতিকভাবে মোকাবিলা করার বার্তা দিলেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us