আগামীকাল অবসর, আজই এল বদলির নির্দেশিকা, দেখে থ' দুঁদে পুলিশ কর্তা

দীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটার কথা থাকলেও, প্রশ্নের উত্তর দিতেই কেটে যাচ্ছে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদারের সময়।

দীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটার কথা থাকলেও, প্রশ্নের উত্তর দিতেই কেটে যাচ্ছে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদারের সময়।

author-image
IE Bangla Web Desk
New Update
রামপ্রসাদ চাকলাদার, কুমারগঞ্জ থানার আইসি, আইসি বদলি, অবসরের আগে বদলি, দক্ষিণ দিনাজপুর পুলিশ, রাজ্য পুলিশের বদলি নির্দেশ, হাওড়া পুলিশ কমিশনারেট, পশ্চিমবঙ্গ পুলিশ, পুলিশ প্রশাসনিক ভুল, আইসি অবসর, West Bengal Police transfer, IC transfer before retirement, South Dinajpur news

আগামীকাল অবসর, আজই এল বদলির নির্দেশিকা

দীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটার কথা থাকলেও, প্রশ্নের উত্তর দিতেই কেটে যাচ্ছে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদারের সময়। আগামীকাল, ৩১ জানুয়ারি তাঁর বয়স পূর্ণ হচ্ছে ৬০ বছর অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী সেদিনই অবসর নেওয়ার কথা তাঁর। অথচ অবসরের ঠিক ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশের বদলির নির্দেশিকায় তাঁর নাম উঠে আসায় তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। নির্দেশ অনুযায়ী, কুমারগঞ্জ থানা থেকে তাঁকে বদলি করে পাঠানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটে, যা ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisment

বৃহস্পতিবার রাজ্য পুলিশের তরফে মোট ১০৯ জন আইসি ও সিআই পদমর্যাদার আধিকারিকের বদলির একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলার আরও চারজন আধিকারিকের সঙ্গে স্থান পায় রামপ্রসাদ চাকলাদারের নামও। নির্দেশিকা প্রকাশের পরই শুরু হয় জল্পনা যিনি পরদিনই অবসর নিচ্ছেন, তিনি আদৌ নতুন কর্মস্থলে যোগ দেবেন কীভাবে? প্রশাসনিক স্তরে কি কোনও যান্ত্রিক বা তথ্যগত ভুল হয়েছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা নিয়েই শুরু হয় আলোচনা।

এই বদলি নির্দেশ ঘিরে স্বয়ং আইসি রামপ্রসাদ চাকলাদারও বেশ বিব্রত। তিনি বলেন, “আগামীকালই আমার চাকরি জীবন শেষ হচ্ছে। বদলির এই অর্ডারটি সম্ভবত ভুলবশত হয়েছে।” সারাদিন সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছ থেকেই একই প্রশ্নের মুখোমুখি হতে হওয়ায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি।

তবে বিতর্কের মাঝেও বিদায়ের আয়োজন থেমে থাকেনি। শুক্রবার কুমারগঞ্জ থানার সহকর্মীরা তাঁকে আন্তরিক বিদায় সংবর্ধনা দেন। পাশাপাশি শনিবার জেলা পুলিশ সুপারের দপ্তরেও তাঁর সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ মহলের একাংশের দাবি, বদলির তালিকা প্রস্তুতের সময় অনেক ক্ষেত্রেই ডাটাবেসে অবসর সংক্রান্ত তথ্য আপডেট না থাকায় এ ধরনের ‘প্রযুক্তিগত ভুল’ হয়ে থাকে। কারণ যাই হোক না কেন, দীর্ঘ কর্মজীবনের শেষ মুহূর্তে এই অপ্রত্যাশিত বদলি নির্দেশ যে রামপ্রসাদ চাকলাদারের অবসরকে স্মরণীয় এবং কিছুটা কৌতুকপূর্ণ করে তুলেছে, তা মানছেন সকলেই।

"ছবি কথা বলে”, আনন্দপুর অগ্নিকাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, মমতার বিরুদ্ধে আনলেন তোলপাড় ফেলা অভিযোগ

West Bengal