/indian-express-bangla/media/media_files/2025/11/25/israel-pm-netanyahu-india-visit-postponed-delhi-terror-attack-2025-11-25-12-22-53.jpg)
কেন সফর স্থগিত নেতানিয়াহুর?
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এ বছরের শেষদিকে নির্ধারিত ভারত সফর নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ল। দিল্লিতে ভয়াবহ জঙ্গি হামলার জেরে সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর। প্রায় এক দশকের মধ্যে রাজধানীতে সবচেয়ে বড় হামলায় ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইজরায়েল তার শীর্ষ নেতাদের বিদেশ সফরের ক্ষেত্রে কঠোরতম নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে। ফলে দিল্লির হামলা শুধু 'স্থানীয়' ঘটনা নয়, বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলেছে। হামলার পর ইজরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ ভ্রমণসূচি পুনর্মূল্যায়ন শুরু করেছে। আপাতত ভারত সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সফর সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করা হবে না বলে সূত্রের খবর।
আরও পড়ুন-অযোধ্যার রামমন্দিরে ধর্মধ্বজা তুলবেন মোদী, মেগা রোড শো'ঘিরে সেজে উঠেছে শহর,উচ্ছ্বাসে ভাসছে রামনগরী
কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল?
নেতানিয়াহুর এই সফরে ভারত-ইজরায়েল প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা ছিল। পাশাপাশি কৃষি প্রযুক্তি, সাইবার সিকিউরিটি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা ছিল। তবে সফর স্থগিত হওয়ায় আপাতত এই আলোচনাগুলোও পিছিয়ে যাচ্ছে। দুই দেশই জানিয়েছে, সফর বাতিল নয় শুধু স্থগিত করা হয়েছে। ফলে কৌশলগত সম্পর্ক আগের গতিতেই এগোবে।
কেন বারবার স্থগিত হচ্ছে নেতানিয়াহুর ভারত সফর?
২০২৫ সালের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মত নেতানিয়াহুর সফর পিছল। প্রথমত, এপ্রিল মাসে ইজরায়েলে নির্বাচন ঘোষণা হওয়ার কারণে সফর স্থগিত করা হয়। পরবর্তীতে সেপ্টেম্বরের সফরও পুনর্নির্বাচনের প্রস্তুতির কারণে বাতিল হয়। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক ব্যস্ততা ও নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জের কারণে বিদেশ ভ্রমণ বারবার স্থগিত হয়। এবার দিল্লির সন্ত্রাসবাদী হামলার জেরে তৃতীয়বারের মতো সফর পিছোল।
হামলার পর নেতানিয়াহুর বার্তা
দিল্লির বোমা হামলার পর ইজরায়েলি প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে ভারতের প্রতি সংহতি জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত ও ইসরায়েল দু’টি প্রাচীন সভ্যতা—যাদের মূল্যবোধ ও সাংস্কৃতিক ভিত্তি অনেকটাই অভিন্ন। সন্ত্রাসবাদ ক্ষতি করতে পারে ঠিকই, কিন্তু দুই দেশের দৃঢ় মনোবল দুর্বল করতে পারে না।
বর্তমানে প্রতিরক্ষা, কৃষি, জল প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে ভারত-ইজরায়েলের মধ্যে সহযোগিতা দ্রুত বিস্তৃত হচ্ছে। নেতানিয়াহুর ভারত সফর এই সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে পশ্চিম এশিয়ার অস্থিরতা, বিশ্বজুড়ে নিরাপত্তা সংক্রান্ত হুমকি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ সফরকে বারবার জটিল করে তুলছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us