/indian-express-bangla/media/media_files/2025/11/21/cv-ananda-bose-2025-11-21-11-49-52.jpg)
CV Ananda Bose: বোটে চেপে 'জল তরঙ্গ' কর্মসূচি রাজ্যপাল সিভি আনন্দ বোসের।
রাজ্যের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ উদ্যোগের পাল্টা এবার নয়া কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার থেকে শুরু হল তাঁর নতুন উদ্যোগ ‘জল তরঙ্গ’, যার লক্ষ্য—গঙ্গার তীরবর্তী গ্রাম ও বসতিগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব–অভিযোগ শোনা।
শুক্রবার সকালেই কলকাতা বিভাগ ট্রাফিক গার্ডের জেটিঘাট থেকে নৌকায় চেপে যাত্রা শুরু করেন রাজ্যপাল। রাজ্যপাল হিসেবে তাঁর তিন বছর পূর্তিকে সামনে রেখে এই বিশেষ সফরসূচি গ্রহণ করেছেন তিনি। জানা গিয়েছে, সেদিন নাজিরগঞ্জ, সাঁকরাইল এবং বজবজের গঙ্গাতীরবর্তী এলাকাগুলি পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন- Kolkata earthquake: হালকা নয়, জোরালো কম্পন—কলকাতা থেকে কোচবিহার, একাধিক জেলায় ভূমিকম্প
দিনের শুরুতে নাজিরগঞ্জে নৌকা থেকে নামার পর একটি ছোট দোকানে প্রবেশ করেন রাজ্যপাল। স্থানীয় দোকান থেকে সেদ্ধ ছোলা ও চপ খান তিনি। রাজ্যপালকে কাছ থেকে দেখে উৎসাহিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা ঘিরে ধরে নিজেদের বিভিন্ন সমস্যার কথা খোলামেলা জানাতে থাকেন। রাজ্যপাল মন দিয়ে সব অভিযোগ ও অনুযোগ শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিভি আনন্দ বোস জানান, “গঙ্গার পারে হাজারো মানুষের জীবন কঠিন বাস্তবের মধ্যে দিয়ে যায়। তাঁদের কাছে পৌঁছে তাঁদের কথা শোনাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অভিযোগ, দাবি এবং তাঁদের প্রয়োজন—সবটাই সরাসরি জানার জন্যই ‘জল তরঙ্গ’ শুরু করেছি।”
আরও পড়ুন- Kolkata Earthquake: বড়সড় ভূমিকম্পে কলকাতা শহরের ঝুঁকি কতটা? বিশেষজ্ঞরা বলছেন চরম উদ্বেগের কথা!
রাজ্যপালের এই সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ছড়ায়। গঙ্গাতীরবর্তী মানুষের সমস্যাগুলি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ কত দ্রুত হয়, সেদিকেই এখন নজর সকলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us