/indian-express-bangla/media/media_files/2026/01/02/jaldapara-2026-01-02-13-16-04.jpg)
Jaldapara National Park: জলদাপাড়া জাতীয় উদ্যান।
নতুন বছরের প্রথম দিনেই সুখবর এল উত্তরবঙ্গের অন্যতম গর্ব জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে। এখানকার জঙ্গলে জন্ম নিয়েছে একটি এক শৃঙ্গ গন্ডারের শাবক। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বন দপ্তর থেকে শুরু করে প্রকৃতিপ্রেমীদের মধ্যে। বন কর্তাদের মতে, জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বৃদ্ধি এই অঞ্চলের সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্রেরই প্রতিফলন।
জানা গিয়েছে, ১ জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনেই জলদাপাড়া অভয়ারণ্যের গভীর অরণ্যে জন্ম নেয় এই গন্ডার শাবক। প্রতিদিনের মতো নিয়মিত টহলদারির সময় হাতির পিঠে চড়ে জঙ্গল পরিদর্শনে বেরিয়েছিলেন বনকর্মীরা। সেই সময়ই তাঁদের নজরে আসে সদ্যোজাত গন্ডার শাবকটি। মা গন্ডারের সঙ্গেই ছিল শাবকটি। বনকর্মীরা দূর থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন।
বর্তমানে পর্যটনের ভরা মরসুম চলছে উত্তরবঙ্গে। বছরের এই সময়ে পাহাড় থেকে ডুয়ার্স, সব জায়গাতেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। উত্তরবঙ্গে বেড়াতে এলে বহু পর্যটকের প্রথম পছন্দের তালিকায় থাকে জলদাপাড়া জাতীয় উদ্যান। এখানকার সমৃদ্ধ বনাঞ্চল, হাতি, হরিণ, বাইসন, নানান প্রজাতির পাখির পাশাপাশি এক শৃঙ্গ গন্ডারই জলদাপাড়ার প্রধান আকর্ষণ।
আরও পড়ুন- Offbeat Sea Beach: ওড়িশার লুকনো স্বর্গ অপরূপ এই সাগরপাড়! পুরী গেলে এপ্রান্তে ঢুঁ মারতে ভুলবেন না
নতুন গন্ডার শাবকের জন্মের পর থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করেছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। মা গন্ডার এবং শাবকটির নিরাপত্তা ও সুস্থতার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, তাঁদের চলাফেরা, খাদ্যাভ্যাস এবং শারীরিক অবস্থার উপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। কোনওরকম ঝুঁকি এড়াতে ওই এলাকায় মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হয়েছে।
বনকর্তাদের মতে, এক শৃঙ্গ গন্ডারের মতো সংরক্ষিত ও সংবেদনশীল প্রজাতির সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে যে জলদাপাড়া জাতীয় উদ্যানের পরিবেশ যথেষ্ট অনুকূল। দীর্ঘদিন ধরে সুরক্ষা, নজরদারি এবং সংরক্ষণমূলক পদক্ষেপের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন তাঁরা। শিকার রোধ, বনাঞ্চল রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ বজায় রাখার ফলেই গন্ডারদের স্বাভাবিক প্রজনন সম্ভব হচ্ছে।
আরও পড়ুন- Gold Silver Price Today: দিনের শুরুতেই রূপার দামে আগুন, বাড়ল ৭,৯০০ টাকার বেশি, সোনা বাড়ল ১,০০০ টাকা
নতুন বছরের শুরুতেই এমন সুখবর জলদাপাড়া জাতীয় উদ্যানের গুরুত্ব আরও একবার তুলে ধরল। বন দপ্তর আশা করছে, আগামী দিনেও এই ধারা বজায় থাকবে এবং জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের নিরাপদ আবাসস্থল হিসেবেই নিজের পরিচয় আরও দৃঢ় করবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us