/indian-express-bangla/media/media_files/2025/10/15/uttarkashi-earthquake-2025-10-15-08-30-17.jpg)
ফের ভারতে ভূমিকম্প
Jammu and Kashmir earthquake: ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ। সোমবার ভোর প্রায় ৫টা ৩৫ মিনিট নাগাদ কাশ্মীর উপত্যকায় এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬, যার কেন্দ্রস্থল ছিল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা। উপত্যকার বিভিন্ন এলাকায় এই কম্পন স্পষ্টভাবে টের পাওয়া যায়।
আরও পড়ুন-চার ঘণ্টা লাইনের ধকল সইতে পারলেন না বৃদ্ধ, শ্রীরামপুরে এসআইআর শুনানি চলাকালীন মৃত্যু
২০২৬ সালের ২ ফেব্রুয়ারির এই ভোরটা কাশ্মীরবাসীর কাছে ছিল আতঙ্কের। শূন্যের নীচে তাপমাত্রায় মানুষজন যখন কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে, ঠিক তখনই হঠাৎ করে কেঁপে ওঠে ঘর বাড়ি। প্রথমে অনেকেই বিষয়টি বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাইরে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শ্রীনগর, পুলওয়ামা, শোপিয়ান সহ আশপাশের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (SDMA) এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও জেলা থেকে প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তি ক্ষতির খবর মেলেনি।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট দফতরগুলি এলালায় নজরদারি চালাচ্ছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দুর্যোগ মোকাবিলা দফতর ও স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- "জেল নয়, জরিমানা!" কর ফাঁকিতে বড় স্বস্তি দিলেন নির্মলা, ১ এপ্রিল থেকে নতুন আইন
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর সহ ভারতের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পপ্রবণ ‘রেড জোন’-এর অন্তর্ভুক্ত। বিশেষ করে হিমালয় সংলগ্ন এই অঞ্চল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে যেকোনো সময় বড়সড় ভূমিকম্প আঘাত হানতে পারে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৮ অক্টোবর কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছিল। হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং কাশ্মীরে ৩২ হাজারেরও বেশি ভবন ধসে পড়ে। সাম্প্রতিক ইতিহাসে সেটিই ছিল কাশ্মীরে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us