/indian-express-bangla/media/media_files/2025/12/31/hospital-2025-12-31-12-48-35.jpg)
Tamanna Khatun death case: অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামান্না খাতুনের মায়ের।
নদিয়ার কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্না খাতুনের মা সাবিনা বিবি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, তামান্না খাতুনের মৃত্যুর পর থেকেই এলাকার দুষ্কৃতীরা তাদের পরিবারকে লাগাতার হুমকি দিয়ে চলেছে। সেই আতঙ্ক ও মানসিক চাপে ভেঙে পড়েই সাবিনা বিবি এই চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন বলে মনে করছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- PAN Aadhaar link: আজই শেষ সুযোগ! প্যান–আধার লিঙ্ক না করলে কাল থেকেই কী দুর্ভোগে পড়বেন জানেন?
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকেই অচৈতন্য অবস্থায় সাবিনা বিবিকে উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
তামান্নার বাবা হোসেন শেখ জানিয়েছেন, তাঁদের মেয়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বহু অভিযুক্ত এখনও অধরা। তাঁর দাবি, সেই পলাতক দুষ্কৃতীরাই তাঁদের গোটা পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে চলেছে। দীর্ঘদিন ধরে এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তাঁর স্ত্রী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। ফল প্রকাশিত হয় ২৩ জুন, যেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। অভিযোগ, ওই জয়ের পর বিজয় মিছিলের নামে এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। তৃণমূলের বিজয় মিছিল থেকেই তামান্না খাতুনের বাড়ি সহ আশপাশের একাধিক বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তামান্নার পরিবার এবং আশপাশের কয়েকটি পরিবার সিপিএম সমর্থক হওয়ায় পরিকল্পিতভাবে তাদের বাড়িগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই বোমাবাজিতেই মাত্র ১০ বছর বয়সে প্রাণ হারায় তামান্না খাতুন। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।
ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখনও বহু অভিযুক্ত গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ পরিবারের। পলাতক অভিযুক্তদের হুমকিতেই গোটা পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছেন তামান্নার বাবা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us