/indian-express-bangla/media/media_files/2025/12/30/taslima-2025-12-30-11-59-58.jpg)
Khaleda Zia death: খালেদা জিয়ার শাসনকালে নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তসলিমার।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর দেশজুড়ে শোকের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর শাসনামলে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও বাকস্বাধীনতার প্রশ্ন। ৮০ বছর বয়সে প্রয়াত খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল্যায়নের পাশাপাশি বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন প্রশ্ন তুলছেন, তাঁর সময়কালে নিষিদ্ধ হওয়া বইগুলোর ওপর আরোপিত ব্যান কি এবার প্রত্যাহার করা হবে?
সোশ্যাল মিডিয়ায় পোস্টে তসলিমা নাসরিন লিখেছেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে দলীয় প্রধান হয়ে টানা প্রায় এক দশক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনকে অনেকেই সফল ও দীর্ঘ বলে মনে করছেন। তবে সমালোচকদের মতে, তাঁর শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষ করে ১৯৯০-এর দশক ও ২০০০-এর শুরুর দিকে কয়েকটি বই নিষিদ্ধ করার ঘটনা আবার আলোচনায় এসেছে।
তসলিমা নাসরিনের দাবি, ১৯৯৩ সালে ‘লজ্জা’, ২০০২ সালে ‘উতল হাওয়া’, ২০০৩ সালে ‘ক’ এবং ২০০৪ সালে ‘সেই সব অন্ধকার’ বইগুলো নিষিদ্ধ করেছিলেন খালেদা জিয়া। জীবদ্দশায় খালেদা জিয়া এসব বইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেননি।
আরও পড়ুন-Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর
এছাড়াও ১৯৯৪ সালে একজন ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী লেখকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রসঙ্গও নতুন করে উঠে এসেছে। তসলিমার আরও দাবি, সে সময় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং পরবর্তীতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে, খালেদা জিয়ার শাসনামলে তাঁকে দেশে ফিরতেও দেওয়া হয়নি।
এখন তসলিমার প্রশ্ন, "খালেদা জিয়ার মৃত্যুর পর কি সেই নিষেধাজ্ঞাগুলোর অবসান ঘটবে?" দীর্ঘ ৩১ বছরের নির্বাসনের অবসান কি ঘটবে সংশ্লিষ্ট তাঁর ক্ষেত্রে? নাকি এক শাসকের সময়ে নেওয়া সিদ্ধান্ত পরবর্তী শাসকরাও বহন করে চলবেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায় শেষ হলেও, তাঁর শাসনামলের সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে বিতর্ক ও আলোচনা যে এখনও শেষ হয়নি, তা স্পষ্ট।
আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us