/indian-express-bangla/media/media_files/2025/12/23/protest-2025-12-23-14-30-33.jpg)
Bangladesh Hindu killing protest: বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ।
বাংলাদেশে হিন্দু যুবক হত্যার ঘটনার প্রতিবাদে কলকাতায় হিন্দুত্ববাদী সংগঠনগুলির ডাকা মিছিল ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মধ্য কলকাতার বেকবাগান এলাকা। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তরের সামনে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার জেরে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে ডেপুটি হাইকমিশনের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ শান্ত থাকার আবেদন জানালেও উত্তেজনা আরও বাড়তে থাকে।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে মিছিলে অংশ নেওয়া একাধিক বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। অনেককে টেনে-হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দিতে দেখা যায় পুলিশ কর্মীদের। উত্তেজিত বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের প্রিজন ভ্যানের উপর উঠে স্লোগান দিতে শুরু করে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন। দফায় দফায় লাঠিচার্জ ও কড়া পুলিশি তৎপরতার পর ধীরে ধীরে এলাকা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-Hanskhali rape murder case: হাঁসখালি কাণ্ডে বড় রায়! নাবালিকা গণধর্ষণ-খুনে তিন দোষীর যাবজ্জীবন
বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও হত্যার ঘটনা ঘটলেও আন্তর্জাতিক মহল নীরব ভূমিকা পালন করছে। সেই প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন। অন্যদিকে পুলিশের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি থাকলেও আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হতে হয়েছে।
আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী
এই ঘটনাকে ঘিরে দিনভর আতঙ্কের পরিবেশ তৈরি হয় বেকবাগান ও সংলগ্ন এলাকায়। যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us