/indian-express-bangla/media/media_files/2026/01/08/fire-1-2026-01-08-18-17-08.jpg)
Kolkata fire news: ভুটিয়া মার্কেটে আগুন নেভানোর চেষ্টা দমকলকর্মীদের। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
Fire accident in Kolkata: বৃহস্পতিবার কলকাতায় পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। সকালে নিউটাউনের একটি বহুতলে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ওয়েলিংটন স্কোয়ার সংলগ্ন ভুটিয়া মার্কেটে। যদিও দুই ঘটনাতেই কোনও হতাহতের খবর নেই বলে দমকল সূত্রে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আচমকাই আগুন লাগে চাঁদনি চক সংলগ্ন ওয়েলিংটন স্কোয়ারের ভুটিয়া মার্কেটে। ওই এলাকায় রাস্তার ধারে সারি সারি দোকানে শীতবস্ত্র বিক্রি হয়। মূলত শাড়ির উপর পসরা সাজিয়ে শীতের পোশাক বিক্রি করা হচ্ছিল। সেই দোকানগুলির একটিতে প্রথমে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/08/fire-2-2026-01-08-18-20-31.jpg)
ভুটিয়া মার্কেটে অধিকাংশ দোকানেই ছিল প্রচুর পরিমাণে শীতবস্ত্র, যা দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চোখের সামনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ পোশাক ও মালপত্র। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়, আতঙ্ক ছড়ায় ব্যবসায়ী ও পথচলতি মানুষের মধ্যে।
আরও পড়ুন-IPAC raid Kolkata: আইপ্যাক তল্লাশিতে 'বাধা', ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ ED
প্রথমে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগায়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/08/fire-3-2026-01-08-18-21-24.jpg)
অন্যদিকে, বৃহস্পতিবার সকালে নিউটাউনের একটি বহুতলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বহুতলে একাধিক সংস্থার অফিস রয়েছে। হঠাৎ করে আগুন লাগায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে অফিসকর্মীদের মধ্যে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত উদ্ধারকাজ চালানো হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন-“পার্টি অফিসে ঢুকে এটা করা যায় না”, I-PAC দফতরে ED হানায় রেগে অগ্নিশর্মা মমতা!
দমকল সূত্রে জানানো হয়েছে, দুই অগ্নিকাণ্ডের ক্ষেত্রেই এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে, তা জানতে উভয় ঘটনাতেই তদন্ত শুরু করেছে দমকল ও প্রশাসন। একদিনে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us