/indian-express-bangla/media/media_files/2025/12/21/kolkata-messi-concert-chaos-organiser-sutadrudatta-arrested-sit-probe-2025-12-21-11-20-15.jpg)
শতদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত ২২ কোটি টাকা
Sutadru Datta: কলকাতায় লিওনেল মেসির কনসার্টকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনার পর বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। এই মামলায় মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সল্টলেক স্টেডিয়ামের টিকিট বিক্রি সংক্রান্ত অর্থ তাঁর অ্যাকাউন্টে জমা হওয়া বন্ধ করে দেয়। এর ফলে শতদ্রু দত্তের আইনি জটিলতা আরও বেড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর এসআইটি তদন্তকারীরা শতদ্রু দত্তের বাড়িতে তল্লাশি চালান। অভিযানে মেসির অনুষ্ঠান সংক্রান্ত বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও পাওয়া যায়। তল্লাশির পরই পুলিশ তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। বর্তমানে শতদ্রু দত্ত পুলিশ হেফাজতে রয়েছেন।
এসআইটি সূত্রে আরও জানা গেছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানের দিন টিকিট বিক্রি থেকে আনুমানিক প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত করেছেন, ওই টিকিট বিক্রির অর্থ আর শতদ্রু দত্তের অ্যাকাউন্টে পৌঁছাবে না। ইতিমধ্যেই সংশ্লিষ্ট থার্ড পার্টি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা টিকিট বিক্রির টাকা তাঁর অ্যাকাউন্টে জমা না করে। পুলিশের প্রাথমিক অনুমান, এই অর্থ থেকেই অনুষ্ঠানে যারা এসেও মেসি দর্শন করতে পারেন নি তাদের ক্ষতিপূরণ দেওয়া হতে পারে।
এদিকে, শতদ্রু দত্ত দাবি করেছেন, সেদিন যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য তিনি একা দায়ী নন। তাঁর বক্তব্য, অতিরিক্ত ভিড়ের পেছনে রাজ্য সরকারের বিভিন্ন মহলের হস্তক্ষেপ রয়েছে। বিশেষ করে পাস ইস্যুতে প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে তিনি দাবি করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্য সরকারের একাংশ যেখানে মূল আয়োজককে দায়ী করছে, সেখানে শতদ্রু দত্তের অভিযোগে রাজ্য প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। এরই মধ্যে এই ঘটনার দায় নিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের ক্রীড়া দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন- মুর্শিদাবাদ থেকেই খেলা ঘোরানোর ডাক, বিজেপি-তৃণমূলকে বিরাট হুঙ্কার অধীরের, বদলে যাবে ভোটের অঙ্ক?
আরও পড়ুন- কাজী নজরুলের সমাধির পাশেই সমাধিস্থ ভারত বিরোধী ওসমান হাদি, ইউনূসের সিদ্ধান্তে দেশজুড়ে চরম বিতর্ক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us