/indian-express-bangla/media/media_files/2025/09/10/kolkata-metro-2025-09-10-10-34-02.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: মেট্রো রেল পরিষেবায় আরও এক বড় সিদ্ধান্ত। আগামী ১ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে কলকাতার পার্পল লাইনে বাড়ছে মেট্রোর ট্রেন সংখ্যা এবং পরিষেবার সময়সীমা। কর্মদিবসে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেশি সংখ্যক মেট্রো চলবে। বিশেষত যে সমস্ত যাত্রী মাঝেরহাট স্টেশন হয়ে পূর্ব রেলের লোকাল ট্রেন ব্যবহার করেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তির খবর।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন পার্পল লাইনে সোমবার থেকে শুক্রবার মোট ৮০টি পরিষেবা—৪০টি আপ এবং ৪০টি ডাউন—চালানো হত। কিন্তু যাত্রীসংখ্যা বাড়া এবং পূর্বরেলের লোকাল ট্রেন পরিষেবার সঙ্গে মেট্রো পরিষেবাকে জুড়তে ১ ডিসেম্বর থেকে চালানো হবে প্রতিদিন ৮৪টি পরিষেবা। এর মধ্যে ৪২টি আপ এবং ৪২টি ডাউন ট্রেন থাকবে।
নতুন সূচিতে বাড়ছে যাতায়াতের সুবিধা
নতুন সময়সূচি অনুযায়ী, জোকা থেকে মাঝেরহাটের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৬টা ৫০ মিনিট। অন্যদিকে মাঝেরহাট থেকে জোকাগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১৪ মিনিট।
দিনের শেষ পরিষেবাতেও বড় পরিবর্তন হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ০৫ মিনিটে, যা আগে চলত রাত ৮টা ৩৬ মিনিটে। মাঝেরহাট থেকে জোকাগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৬ মিনিটে, যা আগে ছিল রাত ৮টা ৫৭ মিনিট।
এই অতিরিক্ত পরিষেবা এবং বাড়তি সময়সীমার ফলে বিশেষ লাভবান হবেন শিয়ালদহ–বজবজ লোকাল ট্রেনের যাত্রীরা। অনেক যাত্রী সকালে লোকাল থেকে নেমে মেট্রো ধরতে সমস্যায় পড়তেন, আবার রাতেও শেষদিকে মেট্রোর অভাবে যাতায়াতে অসুবিধা হত। নতুন সূচি সেই সমস্যার অনেকটাই সমাধান করবে।
শনিবার পরিষেবা, রবিবার বন্ধ
উল্লেখ্য, পার্পল লাইনে শনিবারের পরিষেবা চালু হয়েছে ২২ নভেম্বর ২০২৫ থেকে। শনিবার মোট ৪০টি পরিষেবা—২০টি আপ ও ২০টি ডাউন—চলছে। তবে এখনও রবিবার পার্পল লাইনে কোনও পরিষেবা চালানো হয় না।
মেট্রো সূত্রের দাবি, ভবিষ্যতেও যাত্রীসংখ্যা বাড়লে পরিষেবা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কলকাতার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রীরা তাই নতুন সূচিকে স্বাগত জানিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us