/indian-express-bangla/media/media_files/2026/01/22/tmc-bjp-clash-sir-hearing-districts-west-bengal-supreme-court-order-2026-01-22-14-21-38.jpg)
West Bengal News Highlights: পড়ুন টাটকা খবরের লাইভ আপডেট
Kolkata News Updates: স্লোগান-বিক্ষোভে ধুন্ধুমার। ফের বিডিও অফিসের সামনে হুলস্থূল। তৃণমূল-বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা হুগলির বলাগড়ে। কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও এসআইআরকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে হুগলির বলাগড়। বিডিও অফিসের সামনে ধুন্ধুমার। জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অপরদিকে শিলিগুড়িতে এসআইআর হয়রানির অভিযোগে সিপিএম-র বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায়। এসডিও অফিসের সামনে সিপিএম কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করেন বলেও অভিযোগ। পাশাপাশি এদিন রাজারহাটেও প্রশাসনিক কার্যালয়ের সামনে এসআইআর শুনানি চলাকালীন দফায় দফায় চলে বিক্ষোভ।
ফের ভিন রাজ্যে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। এবার আটদিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের জঙ্গল থেকে মালদার আলমগীর আলমের (২৯) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হওয়ায় তৈরি হয়েছে চূড়ান্ত চাঞ্চল্য। মৃত শ্রমিকের স্ত্রী জানান, “আমার দুই সন্তান রয়েছে। ও পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিল। আমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে খুন হল দক্ষিণ ২৪ পরগনার জরি শ্রমিক মঞ্জর আলম। পরিবারের অভিযোগ, মঞ্জর আলমকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের কোমারলু এলাকায় কাজ করছিলেন।
আরও পড়ুন-SIR আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ, কমিশনের বিরুদ্ধেই এবার বিরাট অ্যাকশনে ছেলে
আরও পড়ুন- ২১ বছরের হৃতিকার সঙ্গে সাতপাক হিরণের! ডিভোর্স বিতর্কে বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ কি বিশ বাঁও জলে?
- Jan 22, 2026 14:41 IST
WB News LIVE Updates: জাল আধার কার্ড তৈরির চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য
জাল আধার কার্ড তৈরির চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকেলে থানার তৎপরতায় ভবানীমাটি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সফিকুল ইসলাম (২২)। তার বাড়ি সুতির মধুপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানা অভিযান চালায়। অভিযানের সময় ধৃতের কাছ থেকে একটি এইচপি কোম্পানির ল্যাপটপ, একটি ক্যানন কোম্পানির স্ক্যানার, প্রায় ২০টি আধার কার্ড, একটি ক্যামেরা সহ জাল আধার কার্ড তৈরির যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত জোরদার করেছে পুলিশ।
এই অভিযানে সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ মহল। তাঁর দক্ষ নেতৃত্ব, তৎপরতা ও কড়া নজরদারির ফলেই জাল নথি তৈরির মতো গুরুতর অপরাধের পর্দাফাঁস সম্ভব হয়েছে।
ধৃত যুবককে বৃহস্পতিবার সকালে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে। সামশেরগঞ্জ থানার এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
- Jan 22, 2026 14:38 IST
WB News LIVE Updates: বিজেপি নেতাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, মারাত্মক অভিযোগে তোলপাড়
বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার ওন্দা এলাকা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ওন্দা বিধানসভা এলাকার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দনপুর গ্রামে। অভিযোগ, বিজেপি নেতা তাপস বারিকের ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শুধু তাই নয়, তাঁর বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এই হামলা চালিয়েছে। ঘটনার পর আতঙ্কিত পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই এবং বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। - Jan 22, 2026 14:31 IST
WB News LIVE Updates: দায়িত্ব পেতেই বাংলা জয়ে মরিয়া নীতিন নবীন
বিজেপির নতুন জাতীয় সভাপতি নীতিন নবীন দায়িত্ব নেওয়ার পরই সক্রিয় ভূমিকায় দেখা গেল তাঁকে। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র একদিনের মধ্যেই তিনি দলের জাতীয় পদাধিকারীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গসহ সংশ্লিষ্ট রাজ্যগুলিতে সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং তৃণমূল স্তরে কর্মীদের আরও সক্রিয়ভাবে মাঠে নামার নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনী প্রচারের রূপরেখা ও কৌশল নিয়েও দলীয় নেতৃত্বকে স্পষ্ট নির্দেশিকা দেন নীতিন নবীন।
- Jan 22, 2026 14:30 IST
WB News LIVE Updates: বিরাট হুমকি নওশাদের
এসআইআর শুনানির সময় সংখ্যালঘু ও সাধারণ ভোটারদের উপর হয়রানি ও শোষণ বন্ধ না হলে রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করার হুমকি দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) প্রধান ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কলকাতায় আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং সংখ্যালঘুদের প্রতি অবহেলার গুরুতর অভিযোগ তোলেন।
- Jan 22, 2026 14:26 IST
WB News LIVE Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কড়া নির্দেশ কমিশনের
স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে পশ্চিমবঙ্গে একাধিক কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ শ্রেণিতে যাদের নাম রয়েছে সেই সমস্ত ভোটারের নাম জনসমক্ষে প্রকাশ করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ভোটারদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়া এবং নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে।
নির্বাচন কমিশন আরও নির্দেশ দিয়েছে, চলতি মাসেই SIR ২০২৬ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশ কঠোরভাবে কার্যকর করতে হবে। এই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য প্রশাসন ও পুলিশকে পর্যাপ্ত কর্মী মোতায়েন, শুনানির সুষ্ঠু আয়োজন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমবঙ্গের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, সমস্ত জেলা শাসক, অন্যান্য পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। SIR চলাকালীন কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করা হয়েছে কমিশনের তরফে
এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বাস দিয়ে বলেছেন, কাউকেই আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না। এমন কোনও ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেছেন।
- Jan 22, 2026 14:25 IST
WB News LIVE Updates: রাজ্যে ফের SIR-চলাকালীন মৃত্যুর অভিযোগ
রাজ্যে ফের SIR-চলাকালীন মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে প্রশ্নের মুখে কমিশন। এসআইআর নিয়ে চিন্তার কারণেই হৃদরোগে আক্রান্ত মৃত্যু মাদারতলা গ্রামের বাসিন্দা সহর আলী মণ্ডল নামে এক বৃদ্ধের। পরিবারের অভিযোগ, SIR শুনানিতে ডাক পেয়ে চিন্তায় ছিলেন ওই বৃদ্ধ। যার ফলে তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পরিবার জানিয়েছে, সম্প্রতি তিনি এসআইআর (Special Intensive Revision) শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে ছিলেন। নোটিশে বুধবার তাঁকে শুনানির জন্য তলব করা হয়েছিল।
- Jan 22, 2026 14:25 IST
WB News LIVE Updates: কলকাতার এন্টালির কনভেন্ট লেনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত শিশু
কলকাতার এন্টালির কনভেন্ট লেনে মর্মান্তিক দুর্ঘটনা। নির্মীয়মান একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হল মাত্র তিন বছরের এক শিশুর। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি মায়ের সঙ্গে ওই বহুতলের ছাদে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ এসে গোটা বহুতল জুড়ে তল্লাশি চালায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর লিফটের ডাক্ট থেকে উদ্ধার হয় শিশুটির নিথর ও রক্তাক্ত দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অসাবধানতাবশত শিশুটি ওপর থেকে লিফটের ডাক্টে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- Jan 22, 2026 12:37 IST
WB News LIVE Updates: রাজ্যের পরবর্তী DGP কে হবেন? জানুয়ারিতেই সিদ্ধান্ত
রাজ্যের পরবর্তী DGP কে হবেন, তা নিয়ে দীর্ঘ সময় ধরেই অনিশ্চয়তা চলছে। এবার তা নিয়ে বিতর্কের অবসান হতে চলেছে। জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই নতুন নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT), সম্প্রতি এই বিষয়ে একটি নির্দেশ জারি করেছে।
ঘটনার সূত্রপাত এক ডিজি-র্যাঙ্কের আইপিএস কর্মকর্তার পিটিশনের মাধ্যমে। তিনি অভিযোগ করেন যে, তাঁকে DGP পদে নাম প্রস্তাবের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর কাছে যথাযথ সুযোগ দেওয়া হয়নি। CAT-এর নির্দেশে বলা হয়েছে যে, রাজ্য সরকারকে ২৩ জানুয়ারির মধ্যে যোগ্য কর্মকর্তাদের একটি প্যানেল UPSC-কে জমা দিতে হবে। এরপর UPSC ২৮ জানুয়ারির মধ্যে বৈঠক করবে এবং ২৯ জানুয়ারির মধ্যে DGP পদে নাম সুপারিশ করে সরকারের কাছে পাঠাবে।
CAT আরও স্পষ্ট করেছে, যদি রাজ্য সরকার সেই প্যানেলে থাকা কোন কর্মকর্তাকে নিয়োগ করতে চান যিনি ৩১ জানুয়ারিতে অবসর গ্রহণ করছেন, তবে সিদ্ধান্ত অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে নিতে হবে। বর্তমান কার্যনির্বাহী DGP রাজীব কুমার, সঙ্গে রণবীর কুমার ও রাজেশ কুমার ৩১ জানুয়ারি অবসর করবেন। সূত্রের খবর, রাজ্য সরকার ইতিমধ্যেই ২১ জানুয়ারি UPSC-কে প্রয়োজনীয় নাম পাঠিয়েছে। যদি সিনিয়র-মোস্ট IPS কর্মকর্তাদের নাম প্রস্তাবিত হয়, তাহলে প্যানেলে সম্ভবত রাজীব কুমার, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম থাকবে।
- Jan 22, 2026 12:04 IST
WB News LIVE Updates: দিল্লি থেকে এসে গেল বড় নির্দেশ
পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) ২০২৬ প্রক্রিয়া ঘিরে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের ১৯ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশের প্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচনী সংস্কার ও নথি যাচাই চলাকালীন রাজ্যে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক, এবং কোনও ধরনের গাফিলতি বা বাধা বরদাস্ত করা হবে না।
- Jan 22, 2026 11:31 IST
WB News LIVE Updates: স্ট্র্যান্ড রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু
কলকাতার স্ট্র্যান্ড রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার দুপুরে অ্যাপ বাইকের পিছনে বসে যাওয়ার সময় একটি বেসরকারি বাসের ধাক্কায় প্রাণ হারান ৬৮ বছরের সোমনাথ চট্টোপাধ্যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর অ্যাপ বাইক ও বাস দুটিই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ১টা ৩৫ মিনিট নাগাদ ফেয়ারলি প্লেস ক্রসিংয়ের কাছে স্ট্র্যান্ড রোডে দুর্ঘটনাটি ঘটে। হাওড়ার বেলগাছিয়া রোডের বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায় একটি অ্যাপ বাইকের পিছনে যাত্রী হিসেবে যাচ্ছিলেন। সেই সময় একটি বেসরকারি বাস বাইকটিকে ধাক্কা মারে।
- Jan 22, 2026 11:30 IST
WB News LIVE Updates:রাজ্যের উদাসীনতায় মুখ্য সচিবকে কড়া চিঠি, নবান্ন-কমিশন সংঘাত ফের সপ্তমে?
ভোটার তালিকায় বেআইনি ভাবে নাম সংযোজনের অভিযোগে অভিযুক্ত চার রাজ্য সরকারি আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
- Jan 22, 2026 11:14 IST
WB News LIVE Updates: সরকারি অফিস ভাংচুরের ঘটনায় জামিন মিলতেই বীরের মর্যাদা তৃনমূল কর্মীদের
SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিসে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছ’জন অভিযুক্তকে অবশেষে জামিন দিল জঙ্গিপুর আদালত। বুধবার সন্ধ্যায় আদালতের নির্দেশে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান। যাকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে।
- Jan 22, 2026 10:59 IST
WB News LIVE Updates: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কের কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
বুধবার তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক ও এক প্রভাবশালী মিডলম্যানের প্রায় ৫৭.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, কলকাতার উপকণ্ঠে রাজারহাট ও নিউ টাউন থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলাজুড়ে এই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।
- Jan 22, 2026 10:37 IST
WB News LIVE Updates: প্রজাতন্ত্র দিবসের আগে (২৬ জানুয়ারি) দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট
প্রজাতন্ত্র দিবসের আগে (২৬ জানুয়ারি) দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কার খবর পাওয়ার পরই দিল্লি সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।
- Jan 22, 2026 10:37 IST
WB News LIVE Updates: শপিং মলে বিধ্বংসী অগ্নিকান্ড
পাকিস্তানের করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড ক্রমশই বড় বিপর্যয়ের রূপ নিচ্ছে। বুধবার একটি দোকান থেকে ৩০টিরও বেশি মৃতদেহ উদ্ধারের পর এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি ও বেসরকারি সূত্রের দাবি, এখনও ৭০ থেকে ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে জোরকদমে উদ্ধারকাজ চলছে।
- Jan 22, 2026 10:36 IST
WB News LIVE Updates: ৭০ ফুটের মেসি মূর্তি, নির্মাণ নিয়ে প্রশ্ন তুলল খোদ হাইকোর্ট
লেকটাউনে লিওনেল মেসি ও দিয়েগো মারাদোনার মূর্তি নির্মাণ নিয়ে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট ( Calcutta High Court)। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার রাজ্যের নগরোন্নয়ন দপ্তর ও সাউথ দমদম পুরসভাকে নির্দেশ দিয়েছে, ওই মূর্তিগুলি সরকারি জমিতে এবং নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে নির্মিত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে।
- Jan 22, 2026 10:36 IST
WB News LIVE Updates: রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতা, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো কমিশন
নির্বাচন কমিশন (ECI) সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে চলমান SIR প্রক্রিয়া চলাকালীন তাদের আধিকারিক ও কর্মীরা “গুরুতর হুমকি”, “ভীতি প্রদর্শন” এবং “বাধার” মুখে পড়ছেন।
পড়ুন বিস্তারিত- 'ধারাবাহিক উস্কানিমূলক বক্তব্য', মমতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ,এবার কি তবে সুপ্রিম হস্তক্ষেপে রাজ্যে SIR?
- Jan 22, 2026 09:37 IST
WB News LIVE Updates: I-PAC নিয়ে প্রকাশ্যে 'চাঞ্চল্যকর' তথ্য
রাজনৈতিক বিতর্কের মধ্যে I-PAC নিয়ে প্রকাশ্যে 'চাঞ্চল্যকর' তথ্য, দেশজুড়ে তোলপাড়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২১ সালে রোহতক-ভিত্তিক একটি সংস্থার কাছ থেকে আই-প্যাক যে ১৩.৫০ কোটি টাকার ‘আনসিকিউর্ড লোন’ পাওয়ার দাবি করেছে, সেই সংস্থাটির কোনও অস্তিত্বই সরকারি নথিতে নেই।
- Jan 22, 2026 09:03 IST
WB News LIVE Updates: আজ থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা
কলকাতার সল্টলেকে স্থায়ী বইমেলা প্রাঙ্গণে ২২ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Jan 22, 2026 09:01 IST
WB News LIVE Updates: চলতি মাসেই রাজ্যে আসছে নীতিন নবীন
চলতি মাসের শেষে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সূত্রের খবর, রাজ্যে এসে নীতিন নবীন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এই বৈঠকগুলিতে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। মঙ্গলবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে শপথ নেন নীতিন নবীন। তার আগের দিন তিনি ওই পদে নির্বাচিত হন।
দলীয় সূত্র আরও জানিয়েছে, সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তিনি পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতে তিনি রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দলের নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্যর সঙ্গে বৈঠক করেন। সূত্র অনুযায়ী, রাজ্যে সফরের সময় নীতিন নবীন দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন মোর্চা, জেলা সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বৈঠকে পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়েও দলের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us