/indian-express-bangla/media/media_files/2026/01/10/kolkata-weather-latest-update-cold-wave-relief-imd-forecast-2026-01-10-18-44-42.jpg)
ফের শীতের কামড়ে হাড় কাঁপাবে
কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট এখনও কমার কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পৌষ মাসের শেষ লগ্নে আপাতত শীত বিদায় নিচ্ছে না বাংলা থেকে। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে সঙ্গে চলবে ‘কোল্ড ডে’ পরিস্থিতি এবং শৈত্যপ্রবাহের প্রভাব। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে।
মঙ্গলবার ছিল চলতি সপ্তাহে কলকাতার সবচেয়ে ঠান্ডা দিন। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াসে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে, তবে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকায় শীতের অনুভূতি কমবে না।
ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ‘কোল্ড ডে’ পরিস্থিতি অব্যাহত রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে। যদিও দিনের বেলায় সামান্য উষ্ণতা অনুভূত হচ্ছে, তবু রাত নামলেই শীতের কামড় স্পষ্ট।
উত্তরবঙ্গেও পরিস্থিতি প্রায় একই। দার্জিলিং, দিনাজপুর-সহ একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েক সপ্তাহ শীতের প্রকোপ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতা-সহ, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকতে পারে। ফলে রাত ও ভোরের ঠান্ডা আরও অনুভূত হবে।
গত এক সপ্তাহে রাজ্যের শীতের তীব্রতা স্পষ্ট হয়েছে। সমতলের মধ্যে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা শীতের ভোগান্তি বাড়াচ্ছে।
বছরের শুরুতেই কেঁপে উঠল চম্পাহাটি! বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
আবহাওয়া দফতর জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৬ থেকে ২২ তারিখের মধ্যে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা থাকলেও, তা স্বাভাবিকের নীচেই থাকবে। অর্থাৎ শীত ধীরে ধীরে কমবে, হঠাৎ বিদায় নেবে না।
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপ শ্রীলঙ্কার দিকে অগ্রসর হচ্ছে, যার কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলে স্পষ্ট করেছে আবহাওয়া দফতর।
সব মিলিয়ে, বৃষ্টিহীন আবহাওয়া হলেও কলকাতা ও রাজ্যবাসীকে আরও কিছুদিন কনকনে শীতের সঙ্গে মানিয়ে নিতে হবে। বিশেষ করে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে শীতের দাপট আরও বেশি অনুভূত হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
ট্রাম্পের ৫০০% শুল্ক আরোপের হুঁশিয়ারি, অস্থির বাজার, রূপা ২.৬০ লাখ পার, সোনার দামও আকাশছোঁয়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us