/indian-express-bangla/media/media_files/2025/07/20/21-july-weather-kolkata-2025-07-20-14-08-57.jpg)
বৃষ্টির দাপটে ফের কি বঙ্গে শেষবেলায় সক্রিয় হবে শীত?
Kolkata Weather Updates: মাঘের শেষ লগ্নে বঙ্গে ধীরে ধীরে ফিকে হচ্ছে শীতের আমেজ। যদিও শীত এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় নি। তবুও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। রাতের দিকে আর আগের মতো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আপাতত তীব্র শীত ফেরার কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালে কুয়াশার প্রভাব থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে উত্তর-পূর্ব বিহারের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে উত্তরবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অধিকাংশ জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকবে এলাকা।
আরও পড়ুন- SIR শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ? তুঙ্গে জল্পনা, আসল 'সত্যি'টা জানালেন অধীর চৌধুরী
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমতে পারে।
গত কয়েক দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় ছিল। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪ ডিগ্রি সেলসিয়াসে এবং কোচবিহারে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় বেশি। দক্ষিণবঙ্গে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়াই থাকবে বলে পূর্বাভাস। সকালের দিকে কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে যেতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি বা তুষারপাত এবং কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আগামী সপ্তাহে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই এবং বৃষ্টির সম্ভাবনাও খুব কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- বলিউড কাঁপানোর আগে কংগ্রেসের মঞ্চই ছিল পছন্দের? অরিজিৎ সিং সম্পর্কে গোপন তথ্য ফাঁস অধীরের!


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us