/indian-express-bangla/media/media_files/2025/01/04/BqFvCiNeLauSvbvPggVc.jpg)
West Bengal Weather Forecast: শহর থেকে জেলা, ঠান্ডার মেজাজ সর্বত্র।
Kolkata Winter Updates: রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেভাগেই জানিয়ে দিয়েছে, আর দু’এক দিনের মধ্যেই তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হতে পারে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের জেলাগুলিতেও ঢুকে পড়েছে ঠান্ডা হাওয়ার দাপট।
আরও পড়ুন- ধার্মিক চোরের কীর্তিতে চোখ কপালে এলাকাবাসীর! চুরির পর পাপ খণ্ডাতে যা করল...
কলকাতায় ফের নেমে গেল পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিন্ম তাপমাত্রা দাঁড়াল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা এ মরশুমের এখন পর্যন্ত সবচেয়ে কম। উত্তরের শুষ্ক ও ঠান্ডা হাওয়া দক্ষিণবঙ্গজুড়ে ঢুকে পড়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রাও দাঁড়ায় ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রিরও বেশি কম। শুক্রবার আরও ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দমদমে সর্বনিন্ম তাপমাত্রা নেমে আসে ১৫.১ ডিগ্রিতে। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমে গেছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে যা সবচেয়ে কম। পুরুলিয়ায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২.৪ ডিগ্রিতে এবং বাঁকুড়ায় ১২.৯ ডিগ্রি।
আরও পড়ুন- গাড়ি তো নয়, যেন দুর্ভেদ্য দুর্গ, পুতিনের গাড়ি বহরে 'অরাস সেনাট', বিশেষত্ব ও দাম চমকে দেবে
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, আগামী সাত দিন রাজ্যে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার দাপট বজায় থাকবে। গোটা রাজ্যেই শীতের অনুভূতি আরও বাড়বে। উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া এ বছর তুলনামূলক আগেই দক্ষিণবঙ্গে ঢুকেছিল। তবে টানা দু’টি ঘূর্ণিঝড়ের প্রভাবে এই প্রবাহে বাধা সৃষ্টি করায় কয়েক দিনের জন্য উষ্ণতা বেড়েছিল। এখন ঘূর্ণাবর্তগুলির প্রভাব কেটে যাওয়ায় আবার অবাধে ঠান্ডা হাওয়া ঢুকছে, ফলে ফের রাজ্যে শীত ফিরে এসেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তালিকায় রয়েছে, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার কলকাতা শহরেও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঠান্ডার দাপট বাড়বে। শীতের দাপট বাড়ছে দার্জিলিংয়ে। বৃহস্পতিবার পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সাত দিনের আরও ঠান্ডার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিংয়ে বৃহস্পতিবার থেকে পরবর্তী বুধবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৬–৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।
দক্ষিণবঙ্গে ফের বাড়ছে শীতের দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যে একই রকম ঠাণ্ডা আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শীতের কামড় আরও তীব্রভাবে অনুভূত হবে। বিশেষ করে ভোরের দিকে ঘন কুয়াশা পড়তে পারে, যার প্রভাবে সড়ক ও রেল চলাচল কিছুটা হলেও ব্যাহত হতে পারে। এদিকে, এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে দফতর। সপ্তাহজুড়েই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল ঠান্ডা বাতাস বইতে থাকায় শীত আরও বাড়তে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us