/indian-express-bangla/media/media_files/2026/01/31/kulpi-tmc-booth-president-car-blast-south-24-parganas-2026-01-31-11-06-50.jpg)
বিকট শব্দে প্রবল বিস্ফোরণে চমকে উঠল গোটা গ্রাম
মাঝরাতে তীব্র বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়াল কুলপি থানার অন্তর্গত গাজিপুর পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতেই ঘটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির উপর থাকা অ্যাসবেস্টসের ছাদ ভেঙে চুরমার হয়ে যায়।
এদিকে মাঝরাতে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। রাতভর আতঙ্কে ছিলেন এলাকার মানুষজন। শনিবার সকালেও এলাকা ছিল থমথমে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলপি থানার পুলিশ এবং গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে, আইএসএফের পাল্টা দাবি, তৃণমূল নেতা নিজেই বোমা মজুত করে রেখেছিলেন এবং সেই বোমার বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা
যাকে কেন্দ্র করে এই বিতর্ক সেই কুতুবউদ্দিন পাইক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর গাড়িটি অ্যাসবেস্টসের শেডের নিচে রাখা ছিল। তিনি বলেন, “রাত প্রায় ১টা নাগাদ হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসে দেখি সব তছনছ হয়ে গিয়েছে। বোমা লাগিয়েই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগেও আমার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল”। কীভাবে বিস্ফোরণ ঘটল এবং এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us