/indian-express-bangla/media/media_files/2025/08/21/naushad-siddiqui-2025-08-21-14-34-55.jpg)
Naushad Siddiqui: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এই পরিস্থিতিতে বাম শিবির ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে জোট নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গত বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট করেছিল বামেরা। তবে এবারও সেই জোট হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এই আবহেই শনিবার বিকেলে কলকাতার আলিপুর ইনস্টিটিউটে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে তাঁর বৈঠক হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই ও সম্ভাব্য আসন সমঝোতা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, “আমরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে হারাতে চাই। সেই লক্ষ্যেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্যারের কাছে চিঠি পাঠিয়েছিলাম। কংগ্রেসকেও চিঠি দেওয়া হয়েছে, তবে তাদের তরফে কোনও উত্তর পাইনি। বিমান বসু আমাদের ডেকে পাঠিয়েছিলেন। বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। কোথায় কার শক্তি বেশি, কে কোন এলাকায় লড়াই করতে আগ্রহী, এই সব বিষয় নিয়েই কথা হয়েছে। তবে আলোচনা এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে।”
আরও পড়ুন- BJP পার্টি অফিসেই মদের আসর! বোতল-গ্লাস উদ্ধার, ভাইরাল ভিডিওতে তোলপাড়
অন্যদিকে, এই বৈঠক প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, “দু’পক্ষের মধ্যে প্রাথমিক স্তরে কিছু কথাবার্তা হয়েছে। তৃণমূল এবং বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে আসন সমঝোতা নিয়ে যাতে অযৌক্তিক কোনও দাবি না ওঠে, সে বিষয়েও আলোচনা হয়েছে।”
আরও পড়ুন-ঢাকার কাছে মাদ্রাসায় বিস্ফোরণ! দুই শিশুসহ চারজন আহত, উদ্ধার রাসায়নিক ও বোমা তৈরির সরঞ্জাম
সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে বাম শিবির ও আইএসএফের সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us