/indian-express-bangla/media/media_files/2026/03/04/madhyamgram-railway-station-fire-gas-cylinder-blast-shops-burnt-2026-03-04-16-16-36.jpg)
আগুনে তছনছ হয়ে গেল মধ্যমগ্রাম
বুধবার দুপুরে আচমকাই আগুনে তছনছ হয়ে গেল মধ্যমগ্রাম। রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দ্রুত সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে, ফলে গোটা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। আতঙ্কে স্থানীয়দের মধ্যে ছোটাছুটি শুরু হলেও অনেকেই সাহসিকতার পরিচয় দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এবং মধ্যমগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
আরও পড়ুন-Lungchu: উত্তরবঙ্গের সবচেয়ে গোপন সুন্দরী লুংচু! কালিম্পঙের নির্জন পাহাড়ে এক চিলতে স্বর্গের হদিশ
স্টেশন সংলগ্ন খাবারের দোকান, মিষ্টির দোকান ও কাঠের দোকান-সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। এলাকায় সিলিন্ডার মজুত থাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক আরও বেড়ে যায়। দমকলের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর মিলেছে। তিনি একটি দোকানের কর্মী ছিলেন বলেই জানা গিয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন- ভোটার তালিকায় অনলাইনে কীভাবে দেখবেন নিজের নাম? বাদ পড়লে হাতে আছে মোটে ১৫ দিন!
মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনাস্থলে দুটি রেস্তোরাঁ এবং দুটি কাঠের গোডাউন ছিল। তাঁর দাবি, প্রথমে কাঠের গোডাউনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এরপর রেস্তোরাঁর সিলিন্ডার ফেটে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। তিনি বলেন, বহুদিন ধরেই ওই দোকানগুলি আইনবিরুদ্ধভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল দোকান মালিকদের। এমনকি তাঁদের পক্ষ থেকে জলের লাইনের আবেদনও করা হয়েছিল। তবে ভাইস চেয়ারম্যান স্পষ্ট জানান, অননুমোদিত জায়গায় কোনওভাবেই জলের সংযোগ দেওয়া সম্ভব নয় বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us