/indian-express-bangla/media/media_files/2026/01/17/madhyamik-2026-history-exam-preparation-tips-important-questions-2026-01-17-18-55-25.jpg)
মাধ্যমিকে ইতিহাসে নম্বর তোলা নিয়ে টেনশন শেষ
Madhyamik 2026: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। ইতিহাস বিষয়টি নিয়ে বহু পরীক্ষার্থীর মধ্যেই বাড়ছে উদ্বেগ। সাল, তারিখ ও ঐতিহাসিক ব্যক্তিত্ব মনে রাখতে গিয়ে ইতিহাসকে অনেকের কাছেই মুখস্থনির্ভর ও কঠিন বিষয় বলে মনে হয়। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক কৌশল ও পরিকল্পিত প্রস্তুতি থাকলে ইতিহাসেও ভালো নম্বর তোলা সম্পূর্ণভাবে সম্ভব।
“বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নয়!” বেলডাঙার ঘটনা টেনে রাজ্যকে তীব্র আক্রমণ মোদীর
শিক্ষকদের মতে, ইতিহাসে ভালো ফলের জন্য কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা জরুরি। ছোট প্রশ্নকে অবহেলা না করে গুরুত্ব দিয়ে পড়া অত্যন্ত প্রয়োজন। গুরুত্বপূর্ণ ঘটনা, সাল ও ঐতিহাসিক চরিত্রগুলির মধ্যে পারস্পরিক যোগসূত্র তৈরি করে পড়লে বিষয়টি সহজে মনে থাকে। পাশাপাশি আগের বছরের প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করা দরকার। কোন অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসছে, তা চিহ্নিত করে সেই অধ্যায়গুলিতে বেশি জোর দিয়ে রিভিশন দেওয়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা।
পরীক্ষার হলে প্রশ্ন নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোন প্রশ্নে কতটা লেখা সম্ভব এবং কোন প্রশ্নে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। একই সঙ্গে পরিষ্কার হাতের লেখা ও নির্দিষ্ট নম্বর অনুযায়ী উত্তর লেখার নিয়মিত অনুশীলনের উপরও জোর দেওয়া হয়েছে।
ইতিহাস পরীক্ষায় সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক দু’ধরনের প্রশ্নই থাকে। তাই প্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলি নিজের ভাষায় লিখে অনুশীলন করা জরুরি। মুখস্থনির্ভর উত্তরের বদলে সহজ, প্রাঞ্জল ও গুছানো ভাষায় উত্তর লিখলে নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ে। উত্তরপত্র পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখাও পরীক্ষায় ভালো ফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য কঠিন বিষয়গুলি থেকে এক লাইনের সংক্ষিপ্ত নোট তৈরি করার পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা। এতে দ্রুত রিভিশন করা সহজ হয়। আতঙ্ক নয়, আত্মবিশ্বাস ও পরিকল্পিত পড়াশোনাই ইতিহাসে ভালো ফলের মূল চাবিকাঠি এমনটাই মত বিশেষজ্ঞদের।
এদিকে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে ভালো নম্বর তোলা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। তবে সঠিকভাবে ‘সিলেক্টিভ প্রশ্ন’ প্রস্তুত করলেই ভালো ফল করা সম্ভব বলে জানাচ্ছেন শিক্ষকরা। তাঁদের মতে, তথ্য, সাল ও তারিখে নির্ভুলতা বজায় রাখাই সাফল্যের প্রধান শর্ত। এবার মোট আটটি অধ্যায়ের মধ্যে চারটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে। বিশেষজ্ঞদের মতে, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা প্রায় নেই। পাশাপাশি দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম অধ্যায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শিক্ষকদের অনুমান, চারটি বড় প্রশ্নের মধ্যে অন্তত একটি আট নম্বরের ‘কমন’ প্রশ্ন থাকতে পারে। সম্ভাব্য বিষয়গুলির মধ্যে রয়েছে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি, বঙ্গভঙ্গ বা স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা, উনিশ শতকের ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ও লালন ফকিরের অবদান, বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে নারী ও বামপন্থীদের ভূমিকা, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ডিরোজিও এবং উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র, প্রকৃতি ও সীমাবদ্ধতা।
এছাড়াও সম্ভাব্য গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের মধ্যে রয়েছে হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা, কাশ্মীর সমস্যা, অহিংস-অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয়, বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের কারণ, কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং বসু বিজ্ঞান মন্দির সংক্রান্ত টীকা। পরিকল্পিত প্রস্তুতি ও সঠিক অধ্যায় বেছে পড়াশোনা করলেই ইতিহাসে ভালো ফল করা সম্ভব এমনটাই মত শিক্ষা বিশেষজ্ঞদের।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us