/indian-express-bangla/media/media_files/2026/01/07/blo-2026-01-07-14-24-41.jpg)
Malda BLO death: মৃতের বাড়িতে ভিড় প্রতিবেশীদের।
SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) কাজের আবহে রাজ্যে ফের এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যুর ঘটনা সামনে এল। মালদার ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ী পাকুরতলা এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল (৪৮)। তিনি পেশায় আইসিডিএস কর্মী ছিলেন এবং ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বে নিযুক্ত ছিলেন।
পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন সম্পৃতা দেবী। মৃতার স্বামী জানান, গত কয়েকদিন ধরেই তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা ভালো ছিল না। তীব্র শীতের মধ্যেই টানা কাজ করতে হচ্ছিল তাঁকে। চিকিৎসকের কাছে দেখানো হলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু চলতি SIR-এর কাজের চাপ এতটাই বেশি ছিল যে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি তিনি। এর ফলেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
খবর পেয়ে মৃতার বাড়িতে যান ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গায়েত্রী ঘোষ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের কারণেই বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর দাবি, এই বাড়তি চাপই শেষ পর্যন্ত সম্পৃতা চৌধুরী সান্যালের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অযোগ গঙ্গোপাধ্যায় বলেন, “যে কোনও মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। তবে সব দোষ নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে না।”
তাঁর অভিযোগ, তৃণমূলের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বরাও বিএলওদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করছেন। সেই কারণেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে SIR-এর কাজের চাপ ও বিএলওদের কর্মপরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us