/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
চরম অস্বস্তিতে শাসক শিবির
বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলায় তীব্র উত্তেজনা ছড়ালো মালদায়। প্রতিবাদে ২৪ ঘণ্টার ব্যবসা বন্ধের ডাক দিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সোমবার জেলা জুড়ে বনধ পালনের ঘোষণা করা হয়েছে। সংগঠনের দাবি, তাদের সঙ্গে যুক্ত জেলার ১৮৫টি ব্যবসায়ী সংগঠনের প্রায় দেড় লক্ষ ব্যবসায়ী এই বন্ধে সামিল হবেন। ইতিমধ্যেই জেলা জুড়ে মাইকিং শুরু হয়েছে।
ঘটনাটি গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ইংরেজবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায়। অভিযোগ, জাতীয় সড়ক সংলগ্ন একটি বহুতল ভবনের নীচে থাকা ১৩টি দোকান দুটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপরই ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঘটনাস্থলে প্রতিবাদ ও ধর্না মঞ্চ তৈরি করেন। টানা পাঁচ দিন ধরে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে।
বণিকসভার অভিযোগ, জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতেই এই ভাঙচুর চালানো হয়েছে। সংগঠনের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান, রাতারাতি ১৩টি দোকান ধ্বংস করে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রোমোটারি রাজত্বের বিরুদ্ধে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই এই বনধের ডাক দেওয়া হয়েছে। জেলা ও রাজ্য প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান।
এই ঘটনায় শাসকদলের একাংশ জড়িত বলে অভিযোগ তুলেছে বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর অম্লান ভাদুড়ি বলেন, সাধারণ ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূলের একাংশের মদতেই এলাকায় জমির দালালি ও প্রোমোটারি রাজত্ব বাড়ছে বলে তাঁর অভিযোগ।
অন্যদিকে ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নিহার ঘোষ বলেন, রাতের অন্ধকারে যারা এ ধরনের কাজ করেছে, তাদের ন্যায্য শাস্তি হওয়া উচিত। সে যত বড় নেতা বা ব্যক্তি হোক না কেন, কঠোরতম ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অরজিৎ সিংহ ও অমর শিকদারদের অভিযোগ, প্রভাবশালী নেতার মদত ছাড়া কয়েকজন প্রোমোটারের পক্ষে এভাবে বুলডোজার এনে দোকান ভাঙা সম্ভব নয়। ঘটনায় চারজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও বুলডোজারের দুই চালক ছাড়া মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি বলে দাবি তাঁদের।
মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us