/indian-express-bangla/media/media_files/2025/12/05/protest-2025-12-05-17-06-17.jpg)
Protest against police: থানার সামনে বিক্ষোভ গ্রামবাসীদের।
মালদহের কালিয়াচক থানায় এক যুবকের ওপর নির্মম অত্যাচারের অভিযোগে উত্তাল এলাকাজুড়ে। পুলিশি অত্যাচারের শিকার হওয়া যুবকের নাম জিয়াউল হক (২৮)। তিনি কালিয়াচক থানার যদুপুর এলাকার বাসিন্দা এবং পেশায় রং মিস্ত্রি। অভিযোগ, পুরনো একটি খুনের ঘটনায় তাকে তদন্তের নামে মঙ্গলবার রাতে থানায় ডেকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী তিনদিন ধরে থানায় আটকে রেখে নির্মমভাবে নির্যাতন চালানো হয়।
পুলিশি অত্যাচারের শিকার জিয়াউল হক বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় কালিয়াচক থানার সিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, সেই হাসপাতাল থেকে চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, জিয়াউলকে জল খেতে চাইলেই তাকে প্রস্রাব খাওয়ানোর হুমকি দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন অংশে সুচ ফোঁটানো হয়েছে। পায়ের তলায় লাঠি ও ভারি বস্তু দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে। অত্যাচারের জেরে তিনি গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং বাম কানে শুনতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনা ২৫ নভেম্বরের ঘটনার সঙ্গে সম্পর্কিত। ওই দিন আজাহার আলি (৫৫) নামে এক পাপড় বিক্রেতা কাশিমনগর এলাকার নির্জন রাস্তায় ছিনতাইকারীদের গুলিতে নিহত হন। নিহত ব্যক্তি মেলায় পাপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঘটনার পর জিয়াউলের পরিবার স্থানীয় গ্রামবাসী ও কালিয়াচক ১ ব্লক তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় রাতেই থানার সামনে বিক্ষোভ দেখায়। স্থানীয় তৃণমূল নেতা সারিউল শেখ বলেন, “নিরাপরাধ ছেলেকে তিনদিন ধরে থানায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে। যুবকের মুখ থেকে সমস্ত অত্যাচারের বর্ণনা শুনে আমরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছি। পুলিশি দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলন হবে।”
এদিকে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কাছে লিখিত অভিযোগ এলে অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে কালিয়াচক থানার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়রা এবং তৃণমূল নেতৃত্বের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত অফিসারদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us