/indian-express-bangla/media/media_files/2026/02/16/malda-job-scam-2026-02-16-19-57-23.jpg)
Malda job scam: চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের বিরাট অভিযোগ
বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। মালদার কালিয়াচক থানা এলাকার সুজাপুরে ধুন্ধুমার । ঘটনায় ক্ষুব্ধ ও প্রতারিত একদল যুবতী সোমবার জেলাশাসকের কাছে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি পুরো বিষয়টি ই-মেইলের মাধ্যমে কালিয়াচক থানার পুলিশকেও জানানো হয়েছে। অভিযোগ সামনে আসতেই সুজাপুর স্ট্যান্ড সংলগ্ন ওই নার্সিংহোমে তালা ঝুলতে দেখা যায়। গা ঢাকা দিয়েছেন মালিকপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে জেলায় নতুন একটি ৪০০ বেডের নার্সিংহোম চালু হতে চলেছে। প্রচারে দাবি করা হয়, সেখানে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ রয়েছে। নার্সিং, গ্রুপ ডি, টেকনিশিয়ান, সিকিউরিটি-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। অভিযোগ, ইউনিফর্ম ও ট্রেনিংয়ের নাম করে প্রার্থীদের কাছ থেকে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। প্রতারিতদের দাবি, প্রায় দশ হাজার বেকার যুবক-যুবতীর কাছ থেকে এই টাকা তোলা হয়েছে, যা মিলিয়ে কয়েক কোটি টাকার অঙ্কে পৌঁছয়।
বীরভূমের মুরারই এলাকার যুবতী শাহনাজ পারভিন ও রুমি খাতুনের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে তাঁরা ২০২৫ সালের জুলাই মাসে ইন্টারভিউ দিতে সুজাপুরে আসেন। তাঁদের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়। সেদিন কয়েকশো প্রার্থী উপস্থিত ছিলেন এবং প্রায় সকলের কাছ থেকেই টাকা নেওয়া হয় বলে দাবি। তাঁরা নার্স, টেকনিশিয়ান ও গ্রুপ ডি পদে আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরির বিষয়ে কোনও সদুত্তর মেলেনি। পরে যোগাযোগ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
মালদার রতুয়া এলাকার হাবিবা খাতুন জানান, ল্যাব টেকনিশিয়ান পদে আবেদন করতে তিনি ১৫ হাজার টাকা জমা দেন। গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর ইন্টারভিউ হয় এবং পরে ইউনিফর্ম তৈরির নির্দেশও দেওয়া হয়। কিন্তু এরপর থেকে আর কোনও যোগাযোগ রাখা হয়নি। সম্প্রতি জানতে পারেন, নার্সিংহোমে তালা ঝুলছে। বাধ্য হয়েই তিনি-সহ বহু প্রতারিত প্রার্থী জেলা প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন।
এদিকে প্রাথমিক তদন্তের পর কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, কয়েকজন যুবতী চাকরির নামে টাকা আদায়ের অভিযোগ করেছেন। নার্সিংহোমটির মালিক দুই ভাইবোন, তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। অভিযোগ দায়েরের পর থেকেই তাঁরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- JEE Main-এর ফলাফল ঘোষণা
আরও পড়ুন- ১০ মাসেই তারাদের দেশে ছোট্ট অ্যালিন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us