/indian-express-bangla/media/media_files/2025/11/09/mamata-banerjee-3-2025-11-09-13-35-43.jpg)
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Politics: সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উসকে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলা ও বাঙালির স্বার্থে লড়াইয়ে তিনি একচুল জমি ছাড়বেন না।
আন্দোলনের স্মৃতি ও উন্নয়ন
এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলনের ২৬ দিনের অনশনের কথা স্মরণ করেন। তিনি বলেন, "সিঙ্গুর আমার প্রিয় জায়গা, এখানকার মাটিতে আমি অনেকদিন কাটিয়েছি। কৃষকের জমি ফিরিয়ে দেব বলেছিলাম, দিয়েছি। সিঙ্গুরের মাটিই আমাকে জয় এনে দিয়েছিল।" একইসঙ্গে তিনি ঘোষণা করেন, সিঙ্গুরে ৮ একর জমিতে 'এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক' তৈরি হবে, যেখানে কৃষি ও শিল্প একসাথেই চলবে।
এসআইআর (SIR) ইস্যুতে তোপ
মুখ্যমন্ত্রী এদিন সবথেকে বেশি সরব ছিলেন এসআইআর (SIR) ইস্যু নিয়ে। তিনি অভিযোগ করেন, এসআইআর-এর নামে এনআরসি-র চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের বলি হয়েছেন ১৪০ জন মানুষ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ বিষয়ে কেন্দ্রের জবাবদিহি চেয়ে তিনি প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঘাটাল মাস্টারপ্ল্যান ও কেন্দ্রকে চ্যালেঞ্জ
কেন্দ্রের সাহায্য ছাড়াই রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান শুরু করেছে বলে জানান মমতা। তিনি বলেন, "বারবার চিঠি দিলেও কেন্দ্র উত্তর দেয়নি। তাই দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা নিজেরাই কাজ শুরু করেছি। ইতিমধ্যে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে এবং ৩০০ কোটির কাজ শেষ।" তাঁর কটাক্ষ, "আমি জুমলা করি না, কথা দিলে কথা রাখি।"
নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, "জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন এটা গণতন্ত্র, স্বৈরাচার নয়।" বিজেপিকে বিঁধে তাঁর স্লোগান, "বিজেপি বলছো ঝুট, করছো লুট।" বিবাহিত মহিলাদের পদবী পরিবর্তন নিয়ে এনআরসি সংক্রান্ত জটিলতা তৈরির চেষ্টার বিরুদ্ধেও সরব হন তিনি।
আরও পড়ুন-SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির
দিল্লি যাত্রা ও ভবিষ্যৎ লড়াই
একটি বেসরকারি সংস্থার কর্মীদের মৃত্যুসংবাদ পেয়ে আজকের দিল্লি সফর স্থগিত করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ারের চাকরির ঘোষণা করেন তিনি। তবে তিনি স্পষ্ট করেছেন, "আজ যাইনি ঠিকই, কিন্তু কাল বা পরশু আমি দিল্লি যাবই। মানুষের মৃত্যুর জবাব দিতে হবে।" সবশেষে তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমায় জেলে ভরেও লাভ নেই। আমি জেলে গেলে বাংলার মা-বোনেরা তার জবাব দেবে। মানবিক হন, দানবিক হবেন না।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us