/indian-express-bangla/media/media_files/2025/07/27/as-mamata-banerjee-begins-a-new-bhasha-andolan-2025-07-27-10-44-14.jpg)
Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর বিতর্ক জোরদার হওয়ার মধ্যেই আবারও পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বড়সড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত হবে পদযাত্রা, এরপর ঠাকুরবাড়ির কাছেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মতুয়া মহলে এসআইআর নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা—এসআইআর—নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ উঠছে, এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপে সাধারণ কর্মী থেকে শুরু করে BLO–রা পর্যন্ত মানসিক চাপে পড়ছেন। শনিবার নদিয়ার কৃষ্ণনগরে এক BLO–র আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে। তৃণমূলের দাবি, এতদিনে রাজ্যে অন্তত তিন BLO–র মৃত্যু হয়েছে এসআইআর-এর চাপেই।
এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে দ্রুত প্রক্রিয়া স্থগিত করার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এসআইআরের নামে মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি হচ্ছে। তৃণমূলও শুরু থেকেই বিভিন্ন জেলায় বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন- BLO suicide: “চাপ আর নিতে পারছি না”, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আত্মহত্যা BLO-র
এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও আন্দোলনে নেমেছেন। মতুয়া অধ্যুষিত বনগাঁয় এই ইস্যু এখন প্রধান আলোচনার বিষয়। এর মাঝেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন-Eastern Railway: যাত্রীদের সুবিধার্থে দুরন্ত পদক্ষেপ রেলের, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দের বন্যা!
মঙ্গলবারের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমেছে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক ও তৃণমূলের জেলা পর্যায়ের অন্যতম প্রভাবশালী নেতা জ্যোতিপ্রিয় মল্লিক স্থানীয় নেতৃত্বকে নিয়ে একাধিক বৈঠক করেছেন। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত রুট, জনসভাস্থল, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ—সবই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এলাকায় পরিদর্শনও করেছেন। তৃণমূল সূত্রের দাবি, “এটি হবে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় সভা।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us