/indian-express-bangla/media/media_files/2025/12/04/mamata-humayun-2025-12-04-14-08-00.jpg)
Mamata Banerjee & Humayun Kabir: মমতা বন্দ্যোপাধ্যায় ও হুমায়ুন কবীর।
মুর্শিদাবাদে তুমুল রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরুর আগেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পরে বহরমপুরের জনসভা থেকে BJP-কে তীব্র আক্রমণ শানানোর পাশাপাশি নাম না করে হুমায়ুন কবীরকে ‘মীরজাফর-গদ্দার’ বলে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।
‘মুর্শিদাবাদ দাঙ্গার রাজনীতি চায় না’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “মুর্শিদাবাদের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। যারা গুজব ছড়াচ্ছে, মসজিদ বা কবরস্থান নথিভুক্ত করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। বিজেপির টাকা খেয়ে কয়েকজন কুলাঙ্গার গুজব রটাচ্ছে।” তাঁর অভিযোগ, নতুন করে মুর্শিদাবাদে দাঙ্গা বাধাতে চাইছে কয়েকজন। ভোটের আগে বিজেপির ইশারায় মিথ্যা প্রচার চলছে বলে দাবি তাঁর।
হুমায়ুনকে নিশানা করে ‘মীরজাফর’ মন্তব্য
হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করার বিষয়টি উল্লেখ না করেই মমতার কটাক্ষ, “সব ধর্মেই কিছু গদ্দার থাকে। কেউ কেউ টাকা খেয়ে বিজেপির তাবেদারি করে।” দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এদিনই তৃণমূল হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে। মমতা অভিযোগ করেন, তাঁর ছবি ও মুখ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভুয়ো ভিডিও বানানো হচ্ছে।
“ওটা আমি নই। বাজে কথা বলানো হচ্ছে আমার নামে,” দাবি তাঁর।
আরও পড়ুন- Humayun Kabir: বাবরি মসজিদ বিতর্কে উত্তাল রাজনীতি, হুমায়ুন কবীরকে বহিষ্কার তৃণমূলের
ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “৮২ হাজার ওয়াকফ সম্পত্তির তথ্য আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল। আমরা জোর করে কোনো সম্পত্তি নিতে দিইনি। ইফতার বা রমজানের অনুষ্ঠানকে রাজনৈতিক আক্রমণে টেনে আনার বিরোধিতা করেন তিনি। বলেন, “আমি গুরুদোয়ারায় গেলে মাথায় কাপড় থাকে, তখন তো কিছু বলে না। সব ধর্মের পরম্পরা আমি মানি।”
SIR নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত
রাজ্যে SIR নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ,
“শুধু বাংলাতেই ৪০ জনের মৃত্যু হয়েছে। ভোটের আগে সরকারি কাজ বন্ধ করতে SIR আনা হয়েছে। হিম্মত থাকলে দু’বছর আগে করত।” তিনি আরও বলেন, "SIR–এর নামে বাংলাভাষী ও গর্ভবতী মহিলাকেও বাংলাদেশে পাঠানো হচ্ছে। সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করেছে রাজ্য।"
আরও পড়ুন-South 24 Parganas News: মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা, ধর্ষণের হুমকি, চরম আতঙ্কে মহিলারা
'বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না'
মমতার স্পষ্ট ঘোষণা, “বিজেপির কোনও ক্ষমতা নেই। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না। কাউকে পুশব্যাক করা হবে না।” SIR সংক্রান্ত শুনানিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা বুথে বুথে ক্যাম্প করব। নথিপত্র নিয়ে যাদের সমস্যা আছে, তাদের সাহায্য করা হবে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us