/indian-express-bangla/media/media_files/2026/02/03/mamata-pio-2026-02-03-15-54-03.jpg)
Mamata Banerjee: দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
West Bengal Politics: ভোটের আগে রাজ্যে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হলেন তিনি। পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর-এর কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে এদিন রীতিমতো রনংদেহি মেজাজে ধরা দেন তৃণমূল সুপ্রিমো।
‘হিজ মাস্টার্স ভয়েস’
এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এবং তারা ‘হিজ মাস্টার্স ভয়েস’ হয়ে কাজ করছে। নাম না করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বলেন, "কমিশনকে ছ’বার চিঠি দিয়েও কোনও উত্তর পাইনি। সুপ্রিম কোর্ট ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে বললেও সেই নির্দেশ মানা হয়নি। ইআরও-র সুপারিশ ছাড়াই তড়িঘড়ি ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।"
তাঁর দাবি, জীবিত ভোটারকেও মৃত বলে দেখানো হচ্ছে। এমনকি অমর্ত্য সেন, জয় গোস্বামীর মতো বিশিষ্টজনদের নাম ও পদবীর বানান ভুল দেখিয়ে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন-IPAC Case: ‘শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম’, সুপ্রিম কোর্টে জানালেন মমতা! আইপ্যাক কাণ্ডে নয়া মোড়
সীমা খান্না ও বিজেপির বিরুদ্ধে তোপ
নির্বাচন কমিশনের আইটি ডিরেক্টর সীমা খান্নার বিরুদ্ধেও এদিন বিস্ফোরক অভিযোগ আনেন মমতা। তিনি বলেন, "বিজেপির হয়ে কাজ করছেন সীমা খান্না। এআই-এর সাহায্য নিয়ে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। ভবানীপুরে ৪০ হাজার এবং বন্দর কেন্দ্রে ইতিমধ্যে ৭০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে।" মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ব্যাক ডোর দিয়ে রোল অবজর্ভারদের ঢোকানো হচ্ছে এবং রাজ্যের অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে।
সংখ্যালঘু ও মতুয়া তাস
এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু এবং মতুয়াদের টার্গেট করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। তিনি বলেন, "বাংলায় ৩৩ শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করেন। তবে কি তাঁদের কোনও অধিকার থাকবে না? বেছে বেছে তাঁদের নাম বাদ দেওয়া হবে?" মতুয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যাঁদের ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় এল, এখন তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।"
কমিশনে ‘অপমান’, বৈঠক বয়কট
১৫টি ভুক্তভোগী পরিবারকে নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেখানে তাঁদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাঁর। ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, "আমরা কমিশনের চাকর নই। আমাদের প্রশ্নের উত্তর তো দেওয়াই হয়নি, উল্টে আমাদের সঙ্গে রূঢ় আচরণ করা হয়েছে। আমার সঙ্গেও জোরে কথা বলা হয়েছে।" এই আচরণের প্রতিবাদে নির্বাচন কমিশনের( election commission) সঙ্গে সমস্ত বৈঠক বয়কটের ডাক দেন তিনি।
আরও পড়ুন-ED Raid: ভোটের আগেই 'অ্যাকশন মুড'-এ ইডি! একযোগে ১০ জায়গায় হানা, টার্গেট কারা?
মুখ্যমন্ত্রী দাবি করেন, এই এসআইআর আতঙ্কে রাজ্যে ১৫০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কারও স্ট্রোক করেছে বা অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গণতান্ত্রিকভাবে লড়তে না পেরে কেন্দ্র ও কমিশন চক্রান্ত করে বাংলাকে টার্গেট করছে বলে অভিযোগ করেন তিনি।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us