/indian-express-bangla/media/media_files/2025/11/09/mamata-banerjee-3-2025-11-09-13-35-43.jpg)
CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর আবহে বিএসএফ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ তুলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর গভঃ কলেজের মাঠে জনসভায় তিনি বলেন, “আমার একটাই অনুরোধ বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে, ওদের ধারের কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছেন, তিনি কাজ করতে পারেন না এমন কোনো কাজ নেই। দুচোখ দেখলেই মনে হয় তার চোখ ভয়ংকর। দুর্যোগের বার্তা। দূর অভিসন্ধি। তার একচোখে দুর্যোধন, আরেক চোখে দু:শাসন। তিনি বলে দেন এরা বাংলাদেশী, এরা রোহিঙ্গা, বাদ দিয়ে দাও।”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নদীয়ার সীমান্ত এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে এমন গ্রাম রয়েছে যেখানে কয়েক পা হাঁটলেই দু’দেশে প্রবেশ করা যায়। জেলার মোট সীমান্ত ২২২ কিমি, যার মধ্যে স্থল ১৯৪.৩ কিমি এবং নদী এলাকায় মাত্র ৪ কিমি ফেন্সিং রয়েছে। হোগলবেড়িয়া, মুরুটিয়া, তেহট্ট, ভীমপুর, কৃষ্ণগঞ্জ, হাঁসখালি ও ধানতলা থানার বিভিন্ন এলাকায় কাঁটাতারের অভাব দেখা যাচ্ছে। নদী সংলগ্ন এলাকা ২৩.৭ কিমি পর্যন্ত অরক্ষিত।
এ ধরনের অরক্ষিত সীমান্ত এলাকা জঙ্গি, অনুপ্রবেশ ও অন্যান্য সমস্যার মুখে ফেলে। এ কারণে নদীয়ার সীমান্ত নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরেই দড়ি টানাটানির রাজনীতি চলে আসছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর তৃণমূল নেতারা সীমান্তবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন। করিমপুর-১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি ও জিলা পরিষদের সদস্য তরুণ সাহা বলেন, “নেত্রীর বার্তাটি মানুষের মধ্যে তুলে ধরব। মানুষকে সচেতন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”
আরও পড়ুন-Mangherjung: উত্তরবঙ্গের গোপন স্বর্গ! প্রচারের আলোয় আসার আগেই ভাইরাল মাঙ্গেরজং
চাপড়া ব্লকের তৃণমূল নেতা জেবের সেখ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা গুরুত্বপূর্ণ। বর্ডার এলাকার জনপ্রতিনিধিরাও নজর রাখছে। বিজেপির মদতে কেউ বিভ্রান্ত না হয়, সে দিকে আমরা দৃষ্টি দিচ্ছি।”
সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকের নেতা ও জিলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক মণ্ডল বলেন, “সীমান্তবাসীকে সতর্ক করা হচ্ছে এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্য সীমান্তের মানুষকে সাহস যোগাচ্ছে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us