/indian-express-bangla/media/media_files/2025/12/26/congress-pays-tribute-manmohan-singh-death-anniversary-2025-12-26-13-05-17.jpg)
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি।
Manmohan Singh Death Anniversary: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি।
আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে কংগ্রেস তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। দলীয় নেতৃত্বের তরফে তাঁকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করেছে। যাঁর নেতৃত্ব ভারতের অর্থনীতি ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছিল।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে ৯২ বছর বয়সে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দিল্লিতে প্রয়াত হন ড. মনমোহন সিং। তাঁর মৃত্যুর দুই দিন পর, ২৮ ডিসেম্বর দিল্লির কাশ্মীর গেটের নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, “মনমোহন সিংয়ের মৃত্যুবার্ষিকীতে আমরা এক মহান রাষ্ট্রনায়ককে স্মরণ করছি। আমরা আজ এমন একজন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছি, যিনি নিঃস্বার্থভাবে ও দৃঢ়তার সঙ্গে দেশের সেবা করেছেন।” দলের মতে, মনমোহন সিংয়ের নেতৃত্ব ভারতের অর্থনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করেছে।
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মনমোহন সিং দেশকে গভীর অর্থনৈতিক সংকট থেকে বের করে এনেছিলেন এবং প্রায় এক দশক ধরে প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রভাব ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী।
ডি কে শিবকুমার আরও জানান, ২০০৫ সালের তথ্য অধিকার আইনের মাধ্যমে মনমোহন সিং প্রশাসনে স্বচ্ছতা প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (মনরেগা)-এর মাধ্যমে তিনি কাজের মর্যাদা নিশ্চিত করেছিলেন।
শিবকুমারের কথায়, সংস্কার, মানবিকতা ও দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য রেখেই মনমোহন সিং দেশ পরিচালনা করেছিলেন। ভারত তাঁকে এমন একজন নেতা হিসেবে আজও স্মরণ করে, যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি ও তার প্রতিষ্ঠানগুলিকে অগ্রাধিকার দিয়েছিলেন।
এদিকে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার) গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলেও মনমোহন সিংয়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, “আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, অর্থনৈতিক সংস্কারের স্থপতি ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মনমোহন সিংয়ের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আমরা তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।”লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লির ২৪, আকবর রোডে অবস্থিত কংগ্রেস সদর দফতরে মনমোহন সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বার্তায় রাহুল গান্ধী লেখেন, “মনমোহন সিং জি-র মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছিলেন। দেশের বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য তাঁর ঐতিহাসিক উদ্যোগ এবং সাহসী সিদ্ধান্ত বিশ্ব মঞ্চে ভারতকে নতুন পরিচয় দিয়েছে।” রাহুল আরও লেখেন, তাঁর বিনয়, অধ্যবসায় এবং সততা সর্বদা সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে"।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন। এক্স-এ দেওয়া বার্তায় তিনি লেখেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর মনমোহন সিং জি-র মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।” প্রিয়াঙ্কা বলেন, মনমোহন সিং এমন এক ব্যক্তিত্বের প্রতীক ছিলেন, যিনি সমতায় বিশ্বাসী, দৃঢ়প্রতিজ্ঞ ও সাহসী ছিলেন এবং দেশের প্রকৃত অগ্রগতির জন্য নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত রেখেছিলেন।প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আরও উল্লেখ করেন, মনমোহন সিংহের সরলতা, সততা এবং জাতির প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের কাছেও চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আরও পড়ুন-বাংলাদেশে একের পর এক হিন্দু যুবক খুন, সাধুদের নিয়ে হাই কমিশনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা
আরও পড়ুন- মোবাইল কেড়ে জোর করে দেহ ব্যবসায়, তারপর? বাংলাদেশি তরুণীর বিস্ফোরক জবানবন্দি ফাঁস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us