/indian-express-bangla/media/media_files/2026/02/26/bridge-2026-02-26-14-43-08.jpg)
DVC Canal Bridge: ভোটের মুখে নতুন সেতুল শিলান্যাস।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR) বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার আশঙ্কায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কট রুখতে কোমর বেঁধে ময়দানে নামল শাসক দল। পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের দিলালপুর বাসীর দীর্ঘদিনের দাবি মেনে ডিভিসি সেচ খালের উপর ভগ্নপ্রায় কাঠের সেতু সরিয়ে নতুন লোহার সেতু তৈরির কাজ শুরু হল। বুধবার ঘটা করে এই প্রকল্পের শিলান্যাস সারলেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ ডাঃ শর্মিলা সরকার।
মেমারির বাগিলা পঞ্চায়েতের দিলালপুর গ্রাম হয়ে মেমারি শহরে আসার একমাত্র মাধ্যম এই ডিভিসি সেচ খালের উপরের সেতুটি। বাম আমলে তৈরি এই কাঠের সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে গত ১৩ বছর ধরে বিপজ্জনক অবস্থায় পড়েছিল। একাধিকবার সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে চরম বিক্ষোভে ফেটে পড়েন দিলালপুর ও পার্শ্ববর্তী ৫-৬টি গ্রামের বাসিন্দারা।
দাবি পূরণ না হওয়ায় গত লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা।গ্রামের দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন বা ব্যানার লাগাতে দেওয়া হয়নি। এমনকি প্রচারে গিয়ে খোদ সাংসদ প্রার্থী শর্মিলা সরকারকেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয়েছিল।
আরও পড়ুন-অবিলম্বে বকেয়া DA কার্যকর করার দাবি, উত্তাল রাজপথ, অবরুদ্ধ ধর্মতলা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (SIR) প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। এই পরিস্থিতিতে কোনো এলাকা যদি উন্নয়নের দাবিতে ভোট বয়কট করে, তবে তা শাসক দলের জন্য বড় ধাক্কা হতে পারে। এই রাজনৈতিক সমীকরণ মাথায় রেখেই দিলালপুরের মন জয়ে নামল তৃণমূল নেতৃত্ব।
বুধবার মেমারি ১ ব্লক তৃণমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও বিডিও শতরুপা দাসকে সঙ্গে নিয়ে দিলালপুরে সেতুর শিলান্যাস করেন সাংসদ শর্মিলা সরকার। সাংসদ তাঁর তহবিল থেকে এই প্রকল্পের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। শিলান্যাস মঞ্চ থেকে সাংসদ এলাকাবাসীকে পুরনো তিক্ততা ভুলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানান।
আরও পড়ুন-রাজ্যে রাষ্ট্রপতি শাসন! বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন সুকান্ত মজুমদার
শাসক দলের এই তৎপরতাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "SIR-এর জেরে তৃণমূলের মন্ত্রী-নেতাদের ঘুম উড়ে গিয়েছে। লোকসভা ভোটের সময় মনে না পড়লেও, এখন হার নিশ্চিত বুঝে ভোট বৈতরণী পার হতে লোক দেখানো কাজ করছে তৃণমূল। তবে মানুষ এবার আর মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবে না।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us