/indian-express-bangla/media/media_files/2025/12/15/raj-2025-12-15-13-12-04.jpg)
Shubhashree Gangopadhyay trolled: স্ত্রী শুভশ্রীর ছবি নিয়ে ট্রোলিং, থানায় অভিযোগ রাজ চক্রবর্তীর।
কলকাতায় লিওনেল মেসির বহুল আলোচিত সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার রেশ এখনও কাটেনি। ফুটবলের মহাতারকার উপস্থিতি ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় চরম অব্যবস্থা, বিশৃঙ্খলা ও বিতর্কে। এই আবহেই এবার নতুন করে চর্চায় উঠে এল টলিউড তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রোল এবং তা নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা।
মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। সেই তালিকায় ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। মেসির সঙ্গে এক ফ্রেমে তোলা তাঁর একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ও ট্রোলিং। অভিযোগ, শুধুমাত্র ট্রল নয়, অভিনেত্রীকে উদ্দেশ্য করে কিছু ক্ষেত্রে কুৎসিত ভাষা, অশালীন মন্তব্য এবং এমনকি তাঁর পরিবার ও সন্তানকে জড়িয়ে অপমানজনক মন্তব্যও করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা
এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়িয়ে কড়া পদক্ষেপ নিলেন শুভশ্রীর স্বামী, তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জনপ্রিয় টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। শনিবার টিটাগর থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্র হনন, মানহানি এবং নারীর প্রতি অসম্মানজনক মন্তব্য করার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন-Ahaladara: দার্জিলিঙের গোপন ঠিকানা ফাঁস! প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন আহালদারা
এ প্রসঙ্গে রাজ চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, "একজন জনপ্রিয় নারীকে নিয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে এবং নোংরা ইঙ্গিত দেওয়া হচ্ছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।" এমনকি শিশুদের নাম টেনে এনে অপমান করার ঘটনাও ঘটেছে বলে তাঁর অভিযোগ। রাজের দাবি, "এই আক্রমণের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং পরিকল্পিতভাবেই সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানো হয়েছে।" তিনি দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতীতে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছিল। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে পৌঁছেও হাজার হাজার দর্শক তাঁদের প্রিয় ফুটবল তারকার মুখ দর্শন পর্যন্ত করতে পাননি। নিরাপত্তা ও ব্যবস্থাপনার চূড়ান্ত ঘাটতির কারণে মেসি মিনিট ২০-এর বেশি মাঠে থাকতে পারেননি। তাঁর মাঠ ছাড়ার পরই ক্ষুব্ধ জনতা ভাঙচুরে মেতে ওঠে। রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। ক্রীড়াঙ্গনের টেবিল, চেয়ার ও গ্যালারির বিভিন্ন আসবাব ভেঙে চুরমার করা হয়।
এই সমস্ত ঘটনার মধ্যেই শুভশ্রীর ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। এবার পুলিশের তদন্তে এই সোশ্যাল মিডিয়া ট্রলিংয়ের বিষয়টি কীভাবে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us