/indian-express-bangla/media/media_files/6arTyH94i9QJlCpIq8rj.jpg)
Calcutta High Court: কলকাতা হাইকোর্ট। Photograph: (pp)
Calcutta High Court-PIL Messi event: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তা নিয়ে এবার আইনি পথে লড়াই শুরু হল। শনিবারের সেই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও দুই আইনজীবী আলাদা আলাদা ভাবে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মামলাগুলির শুনানি চলতি সপ্তাহেই হতে পারে বলে জানা গিয়েছে।
হাইকোর্ট সূত্রে খবর, আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির যুবভারতী ক্রীড়াঙ্গনে আগমনের দিন যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তা রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মোট তিনটি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি মিলেছে।
আরও পড়ুন- West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এই মামলা দায়ের করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। পাশাপাশি আইনজীবী মৈনাক ঘোষাল এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও পৃথকভাবে পিআইএল দায়ের করেছেন। মামলাগুলিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে চরম অব্যবস্থা, দর্শকদের নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে।
আরও পড়ুন- Ahaladara: দার্জিলিঙের গোপন ঠিকানা ফাঁস! প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ডেস্টিনেশন আহালদারা
মামলায় উল্লেখ করা হয়েছে, হাজার হাজার দর্শক বিপুল অর্থ ব্যয় করে টিকিট কেটে মাঠে প্রবেশ করলেও মেসির মুখ দর্শন করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাঠে ভাঙচুর, বিশৃঙ্খলা এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দর্শক নিয়ন্ত্রণ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- মেসির সঙ্গে ছবি শুভশ্রীর, তারপরই ঝড় সোশ্যাল মিডিয়ায়, ট্রোল আর কুৎসার বিরুদ্ধে থানায় রাজ
জানা গিয়েছে, মামলাকারীদের তরফে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া, অনুষ্ঠানের আয়োজকদের দায় নির্ধারণ, প্রশাসনের ভূমিকার তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে স্পষ্ট গাইডলাইন তৈরির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
আরও পড়ুন- SIR: ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ! নিজের নাম আছে কিনা যাচাই করুন এক ক্লিকেই
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ইতিমধ্যেই মামলাগুলি গ্রহণের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি শুরু হতে পারে। যুবভারতীর বিশৃঙ্খলা কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে যেমন তোলপাড় চলছে, তেমনই আইনি ময়দানেও এই ঘটনা নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us