/indian-express-bangla/media/media_files/2026/01/06/marriage-2026-01-06-11-54-25.jpg)
Minor girl marriage: নাবালিকাকে বিয়ে করতে এসে বিপাকে যুবক।
নাবালিকার বিয়ে রুখে দিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ ও শিশু কল্যাণ দপ্তর। নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বহড়ু এলাকার বাসিন্দা ২২ বছরের আরিফুল মোল্লার সঙ্গে কুলতলি থানার অন্তর্গত একটি গ্রামের এক নাবালিকা কিশোরীর বিয়ে ঠিক হয়েছিল। পরিবারের তরফেই এই বিয়ের আয়োজন চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে এই খবর পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় শিশু কল্যাণ দপ্তরকে।
খবর পাওয়ার পর দ্রুত শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। পুলিশের তৎপরতায় শেষ মুহূর্তে নাবালিকার বিয়ে আটকে যায়। এরপরই এই ঘটনায় পাত্র আরিফুল মোল্লা, নাবালিকার বাবা ও জ্যাঠুকে আটক করা হয়। পাশাপাশি, পাত্রের মামাকেও কুলতলি থানার পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।
নাবালিকাকেও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরা। নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজন হলে তাকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন-West Bengal news live updates: SIR-এর নামে হেনস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের
প্রসঙ্গত, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার নাবালিকা বিবাহ রোধে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। স্কুল, গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষকে সচেতন করা হলেও গ্রামগঞ্জে এখনও মাঝেমধ্যেই এই ধরনের বেআইনি ঘটনা সামনে আসছে। আইন অমান্য করে নাবালিকার ভবিষ্যৎ নষ্ট করার এই প্রবণতার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
পুলিশ জানিয়েছে, নাবালিকা বিবাহ প্রতিরোধ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আইন অনুযায়ী দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দাদের একাংশ। তবে একই সঙ্গে তাঁরা আরও বেশি সচেতনতা ও নজরদারির দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বেআইনি ঘটনা আর না ঘটে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us