/indian-express-bangla/media/media_files/2025/12/13/mgnrega-2025-12-13-11-19-27.jpg)
MGNREGA revamp: ১০০ দিনের কাজ প্রকল্পের সংস্কারের ভাবনা।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন (MGNREGA) সংস্কারের পথে এগোতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, গ্রামীণ পরিবারগুলির জন্য বছরে নিশ্চিত কর্মদিবসের সংখ্যা বর্তমান ১০০ দিনের বদলে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। একই সঙ্গে আইনটির নাম পরিবর্তন করে ‘পূজ্য বাপু গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিতকরণ আইন’ করার প্রস্তাবও উঠেছে।
সরকারি সূত্র অনুযায়ী, এই প্রস্তাবটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় প্রকল্পটি ১ এপ্রিল ২০২৬ থেকে চালু রাখার প্রক্রিয়ার অংশ হিসেবেই আনা হয়েছে।
বাস্তবে ১০০ দিনের কাজ পাচ্ছেন না অধিকাংশ পরিবার
যদিও আইন অনুযায়ী প্রতি গ্রামীণ পরিবার বছরে ১০০ দিনের কাজ পাওয়ার অধিকারী, বাস্তবে ২০২৪-২৫ অর্থবর্ষে গড়ে প্রতি পরিবার কাজ পেয়েছে মাত্র ৫০ দিন। গত অর্থবর্ষে মাত্র ৪০.৭০ লক্ষ পরিবার ১০০ দিনের কাজ সম্পূর্ণ করতে পেরেছিল। চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) এখনও পর্যন্ত মাত্র ৬.৭৪ লক্ষ পরিবার ১০০ দিনের সীমা ছুঁয়েছে।
আইন সংশোধনের প্রয়োজন
২০০৫ সালে চালু হওয়া NREGA-র নাম ২০০৯ সালে UPA সরকার পরিবর্তন করে মহাত্মা গান্ধীর নামে নামকরণ করেছিল। এবার কাজের দিনের সংখ্যা বাড়াতে ও নাম বদলাতে গেলে আইন সংশোধন করতে হবে বলে জানিয়েছে সূত্র।
আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত তৎপরতা দারুণ চর্চায়
রাজ্যগুলির দীর্ঘদিনের দাবি
অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের মতো একাধিক রাজ্য দীর্ঘদিন ধরেই ১০০ দিনের ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। যদিও ১০০ দিনের বেশি কাজ দেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয় রাজ্যকেই বহন করতে হয়। ফলে খুব কম রাজ্যই এই সুবিধা দেয়। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ২৯০ কোটি শ্রমদিবসের মধ্যে রাজ্যগুলির নিজস্ব তহবিল থেকে তৈরি হয়েছে মাত্র ৪.৩৫ কোটি শ্রমদিবস।
বিশেষ ক্ষেত্রে বাড়তি কাজের সুযোগ
বর্তমানে বনাঞ্চলে বসবাসকারী তফসিলি উপজাতি পরিবারগুলিকে নির্দিষ্ট শর্তে ১৫০ দিনের কাজ দেওয়ার বিধান রয়েছে। এছাড়া খরা বা প্রাকৃতিক দুর্যোগ ঘোষিত এলাকায় সরকার অতিরিক্ত ৫০ দিনের কাজ অনুমোদন করতে পারে।
দীর্ঘ পথচলা এমএনরেগার
২০০৫ সাল থেকে এখন পর্যন্ত মনরেগা প্রকল্পে মোট ৪,৮৭২.১৬ কোটি শ্রমদিবস তৈরি হয়েছে এবং ব্যয় হয়েছে প্রায় ১১.৭৪ লক্ষ কোটি টাকা। কোভিড-১৯ অতিমারির সময় এই প্রকল্প গ্রামীণ ও পরিযায়ী শ্রমিকদের জন্য বড় নিরাপত্তা বলয় হিসেবে কাজ করেছিল।
আরও পড়ুন- minor girl stops marriage: রাত পোহালেই বিয়ে, ভোর হতেই থানায় হাজির নাবালিকা, বদলে গেল জীবন
তবে গত কয়েক বছরে প্রকল্পে কাজ করা পরিবারের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২০২২ সালের মার্চ মাস থেকে এমএনরেগা প্রকল্প কার্যত বন্ধ রয়েছে। সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (MoRD) আগামী পাঁচ বছরের জন্য ৫.২৩ লক্ষ কোটি টাকার বরাদ্দ চেয়ে ব্যয় সংক্রান্ত অর্থ কমিশনের (EFC) কাছে প্রস্তাব পাঠিয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us