/indian-express-bangla/media/media_files/2025/11/23/cats-2025-11-23-16-03-56.jpg)
চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো
চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো, মালদা শহরের ইংরেজবাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় চোর সন্দেহে সংশ্লিষ্ট বাজারের লোকজন শহরের ১৮ নম্বর ওয়ার্ডের মহিশমাটি এলাকার বাসিন্দা সামজান শেখকে (৩৫) বেধড়ক মারধর করে। মেরে তার হাত-পা ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তার।
পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, সামজান শেখ এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত। সে পেশায় মুরগি বিক্রেতা ছিল। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বাবা মারা যাওয়ায় তার ওপর নির্ভরশীল ছিল তার গোটা পরিবার।
আরও পড়ুন-২ মিনিটে ভোটার তালিকা ডাউনলোড, অনলাইনে ভোটার আইডি পাবেন কীভাবে? জানুন চটজলদি পদ্ধতি
মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করত সে। চুরি না করেও তাকে চোরের অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে মৃত সামজানের স্ত্রী কাইফা খাতুন ইংরেজবাজার থানায় গণপিটুনির দিয়ে খুনের অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পিন্টু মন্ডল, সুজন ঘোষ এবং দেবাশীষ ঘোষ। রবিবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই ওই ব্যক্তি সন্দেহজনক ভাবে বাজারে ঘোরাফেরা করছিল বলে অভিযোগ। এরপর সন্ধ্যায় নিয়ন্ত্রিত বাজারের সবজি আড়তে পরপর তিন ব্যবসায়ীর দামি মোবাইল চুরি করে ওই ব্যক্তি বলে অভিযোগ। আর সেই সময় হাতেনাতে ধরা পড়ে যায় সে।
হাত-পা বেঁধে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। তাতেই জখম হয়ে পড়ে সামজাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। এরপর গুরুতর জখম অবস্থায় আহতকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিক্যাল কলেজে। কিন্তু রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় ওই মুরগি বিক্রেতার।
আরও পড়ুন-SIR পর্ব চলাকালীন খাস কলকাতায় উদ্ধার প্রচুর আধার কার্ড, খবর চাউর হতেই হুলস্থূল
মৃতের স্ত্রী কাইফা খাতুন বলেন, আমাদের বাড়ির সামনেই স্বামীর ছোটখাটো মুরগির দোকান রয়েছে। এতেই আমাদের সংসার চলে। ও কেন কারও মোবাইল চুরি করতে যাবে। আমার স্বামী ওইদিন বিকালে ফল ও সবজি বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। ওকে ছিনতাইকারি অপবাদ দিয়ে পিটিয়ে মেরেছে বাজারের কয়েকজন। ওইদিন রাত সাড়ে সাতটা নাগাদ ইংরেজবাজার থানার পুলিশ ফোন করে আমাদের বিষয়টি জানান। এরপর রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় সামজানের। এই ঘটনায় ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজারের সবজি মার্কেটের একাংশ যুক্ত রয়েছে। সেই বাজারের কর্তৃপক্ষের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জানিয়েছি।
মৃতের এক দাদা রমজান শেখ বলেন, "দীর্ঘদিন ধরেই ভাই দেশী ও পোল্ট্রি মুরগি বিক্রির সঙ্গে যুক্ত রয়েছে। ও কিসের জন্য সবজির আড়তে গিয়ে মোবাইল চুরি করতে যাবে। সম্পূর্ণভাবে ওকে ফাঁসানো হয়েছে।" যদিও এ প্রসঙ্গে ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছে। একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
আরও পড়ুন- ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, মোটা টাকা প্রতারণার দায়ে গ্রেফতার সলমান খান
মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাজার সংলগ্ন এলাকার সিসি টিভির ফুটেজ দেখে বাকিদের খোঁজ চালানো হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us