/indian-express-bangla/media/media_files/2025/10/02/cats-2025-10-02-12-38-37.jpg)
গান্ধীর আত্মনির্ভর ও উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার শপথ প্রধানমন্ত্রী মোদীর
বৃহস্পতিবার (২ অক্টোবর, ২০২৫) জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি স্থলে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান দেশের প্রধানমন্ত্রী। এদিন তিনি জানান, ভারত মহাত্মা গান্ধী ও শাস্ত্রীর দেখানো পথেই এগিয়ে চলবে এবং আত্মনির্ভর ও উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।
গান্ধী জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, “গান্ধী জয়ন্তীতে আমরা আমাদের প্রিয় বাপুর অসাধারণ জীবনকে স্মরণ করছি, যার আদর্শ মানব ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে। সাহস ও সরলতার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন কিভাবে পরিবর্তন আনা যায়। সেবা ও করুণার শক্তিতে বিশ্বাস রেখে তিনি মানুষের ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন। উন্নত ভারত গড়তে আমরা তাঁর পথ অনুসরণ করব।”
প্রতি বছর ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে আন্তর্জাতিক অহিংসা দিবসও পালিত হয়। এই দিনটি কেবল তাঁর শান্তি ও নীতিনিষ্ঠ জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং সত্য, অহিংসা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শকে বিশ্বব্যাপী স্মরণ করার দিন।
মহাত্মা গান্ধীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধা জানান। X সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লেখেন, “লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন এক মহান রাষ্ট্রনায়ক, যার সততা, নম্রতা এবং দৃঢ় সংকল্প ভারতকে শক্তিশালী করেছিল। চ্যালেঞ্জিং সময়ে তাঁর নেতৃত্ব, দৃঢ়তা এবং সঠিক সিদ্ধান্ত জাতিকে এগিয়ে নিয়ে যায়। তাঁর ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান আজও দেশবাসীর মনে দেশপ্রেম জাগিয়ে তোলে।”
উল্লেখ্য, লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম ১৯০৪ সালের ২ অক্টোবর উত্তরপ্রদেশের মুঘলসরাইয়ে। ১৯৬৪ সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us