/indian-express-bangla/media/media_files/2026/02/01/malda-2026-02-01-17-13-11.jpg)
Mothabari News: হাত ছেড়ে জোড়াফুলে যোগ।
জেলা রাজনীতিতে ফের বড়সড় রদবদল। মৌসম বেনজির নূর জেলা কংগ্রেসে যোগদান করতেই উল্টো স্রোত বইল মোথাবাড়িতে। কংগ্রেসের 'ঘর ভেঙে' চারজন পঞ্চায়েত সদস্য দলবল নিয়ে যোগ দিলেন শাসকদলে। রবিবার দুপুরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের পঞ্চানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যোগদান কর্মসূচি ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূলে যোগ দেন ওই চারজন সদস্য। দলত্যাগীদের অভিযোগের তির সরাসরি মৌসম নূরের দিকে। তাঁদের দাবি, কংগ্রেসের দুর্দিনে মৌসম নূরকে পাশে পাওয়া যায়নি। এখন সুবিধা নিতেই তিনি কংগ্রেসে ফিরেছেন। জেলা নেতৃত্বও পুরনো কর্মীদের গুরুত্ব না দিয়ে ওই নেত্রীকে নিয়ে মাতামাতি করছে।
আরও পড়ুন- Budget 2026: শিলিগুড়িতেও এবার বুলেট ট্রেন! উত্তরবঙ্গের জন্য নির্মলার ঝুলি থেকে বেরোল 'জ্যাকপট'
দলত্যাগী পঞ্চায়েত সদস্য মইদা বিবি, তাসলিমা খাতুন, তাহেরা খাতুন ও সাহেব আলি বলেন, "কংগ্রেসের যখন বিপদ ছিল, তখন উনাকে দেখা যায়নি। এখন সুবিধা নিতে দলে ফিরেছেন। আমরা মাঠে-ময়দানে খেটে মরছি, অথচ আমাদের কোনো মর্যাদা নেই। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই এই সিদ্ধান্ত।"
পঞ্চানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৪টি। গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ১০টি আসনে জিতে এককভাবে বোর্ড গঠন করেছিল। তৃণমূলের ছিল মাত্র ৪টি আসন। কিন্তু বোর্ড গঠনের আড়াই বছরের আগেই কংগ্রেসের ৪ সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সমীকরণ সম্পূর্ণ বদলে গেল। তৃণমূল নেতৃত্বের দাবি, খুব শীঘ্রই অনাস্থা এনে এই পঞ্চায়েত দখল করবে তারা।
আরও পড়ুন-Budget 2026: AI হাব হবে ভারত! বাজেটে ডেটা সেন্টারের জন্য ২০৪৭ পর্যন্ত 'ট্যাক্স হলিডে' ঘোষণা
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "মোথাবাড়ির ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টিতেই তৃণমূল ক্ষমতায় ছিল। একমাত্র পঞ্চানন্দপুর-১ কংগ্রেসের দখলে ছিল, সেটাও আজ ভাঙল। অনাস্থার মাধ্যমে আমরা বোর্ড গঠন করব।" মৌসম নূরকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মালদার একজন নেত্রী দীর্ঘ দিন তৃণমূলের সব সুবিধা নিয়ে স্বার্থ ফুরোতেই কংগ্রেসে ফিরেছেন। মানুষ এসব সুবিধাবাদীদের মেনে নেবে না।"
অন্যদিকে, দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী এই ভাঙনকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, "কংগ্রেসের মাটি শক্ত হচ্ছে দেখেই তৃণমূল ঘাবড়ে গিয়ে এসব করছে। কারা দলবদল করল জানি না, তবে আগামী বিধানসভায় কংগ্রেসের ফলাফল ভালোই হবে।"


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us