/indian-express-bangla/media/media_files/2026/01/23/mamata-banerjee-attacks-centre-on-netaji-jayanti-sir-issue-2026-01-23-20-54-40.jpg)
শ'য়ে শ'য়ে মানুষ যোগ দিলেন ঘাসফুলে
মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলে কংগ্রেস ও বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি মহম্মদ টুমিন শেখ, রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা শোভা মণ্ডল এবং তাঁর স্বামী, স্থানীয় বিজেপি নেতা নিবারণ মণ্ডল এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
এদিন মোথাবাড়ি বিধানসভার রাজনগর এলাকার তৃণমূল কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা শোভা মণ্ডল ও মহম্মদ টুমিন শেখ জানান, দীর্ঘদিন ধরে দলে থাকলেও তাঁরা কোনও যোগ্য মর্যাদা পাননি। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে দলের কর্মী-সমর্থকেরা হয়রানি ও নির্যাতনের শিকার হলেও জেলা নেতৃত্ব পাশে দাঁড়ায়নি। পাশাপাশি বিরোধী দলে থেকে সাধারণ মানুষের জন্য কোনও উন্নয়নমূলক কাজ করাও সম্ভব হচ্ছিল না বলে জানান তাঁরা।
যোগদানকারীদের আরও বক্তব্য, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নমূলক কাজ এবং একাধিক জনমুখী সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তাতেই অনুপ্রাণিত হয়ে তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলে এসে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাবেন বলেই তাঁদের বিশ্বাস।
এ বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে বিজেপি ও কংগ্রেস ছেড়ে বহু নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সামনে বিধানসভা নির্বাচন, তাই মালদা জেলার ১২টি আসন দখল করাই দলের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই বিভিন্ন ব্লক ও অঞ্চলে ধারাবাহিকভাবে যোগদান কর্মসূচি চলছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই এদিন বিজেপি ও কংগ্রেসের বহু পুরনো কর্মী তৃণমূলে যোগদান করেছেন।
আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us