/indian-express-bangla/media/media_files/2025/12/19/police-2025-12-19-13-23-17.jpg)
gang rape case: অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
মুর্শিদাবাদের বহরমপুরে এক আদিবাসী মহিলাকে অপহরণ করে লাগাতার গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগে ওই আদিবাসী মহিলা জানান, তাঁকে খাগড়াঘাট এলাকা থেকে অপহরণ করে বহরমপুর থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে টানা তিন দিন আটকে রাখা হয়। ওই সময়ের মধ্যেই অভিযুক্তরা তাঁকে একাধিকবার গণধর্ষণ করে এবং নির্মম শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। নির্যাতনের পাশাপাশি তাঁকে মারধরও করা হয় বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা।
আরও পড়ুন- SIR list: ভোটার লিস্টে নাম আছে তো? কমিশন নোটিস পাঠালে কী করবেন? আগেভাগে জেনে রাখুন
অভিযোগ দায়েরের পরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ইমামুল শেখ ও রাজিবুল শেখ। দু’জনেই বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ইমামুল শেখ বর্তমানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মামলার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ইমামুল শেখ ও রাজিবুল শেখ, দু’জনেই অতীতে একটি খুনের মামলায় যুক্ত ছিলেন বলেও পুলিশের দাবি।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আরও পড়ুন- Osman Hadi: ওসমান হাদি কে ছিলেন? যুব আন্দোলনের তরতাজা নেতার মৃত্যুতে অশান্তির স্রোত বাংলাদেশে
এদিকে নির্যাতিতার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ধৃত দু’জনকে আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে উপযুক্ত রিমান্ড চাওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us