/indian-express-bangla/media/media_files/2025/12/05/suvendu-humayun-2025-12-05-18-15-03.jpg)
Suvendu Adhikari-Humayun Kabir: শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর।
Humayun Kabir controversy: মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নাম না করে তৃণমূলের সদ্য সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করে কড়া মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, “যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবে, হিন্দুরা মন্দির বানাবে, শিখরা গুরুদোয়ারা বানাবে, এতে কোনও আপত্তি নেই। কিন্তু নামকরণে আমাদের আপত্তি আছে। মুঘল, পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার চালিয়েছে, জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছে। মন্দির ভেঙেছে, মা-বোনেদের ইজ্জত লুটেছে। বাবরি নামকরণে সমস্ত ভারতীয়ের আপত্তি রয়েছে। এটি সমর্থন করলে তারা আগুন নিয়ে খেলছে।”
শুভেন্দু আরও বলেন, “পশ্চিমবঙ্গে হিন্দুদের বোকা বানানোর জন্য লোক দেখানোভাবে সদ্য সাসপেন্ড করা হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে এবং বিতর্কিত তারিখে শিলান্যাস অনুষ্ঠানের জন্য পুলিশ অনুমতি দেবে। আমরা যারা রাম ভক্ত, আমরা আগামীকাল (৬ ডিসেম্বর) শৌর্য দিবস পালন করব। আমি নিজে কলকাতায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব।”
অপরদিকে, আগামীকাল মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসে অংশ নেবেন সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, “আগামীকাল দুপুর বারোটা থেকে দু’ঘণ্টা কোরান পাঠ হবে, তারপর শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হবে।”
এর আগে গতকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে প্রকাশ্য জনসভায় হুমায়ুন কবীরকে নাম না করে “গদ্দার-মীরজাফর” বলে আক্রমণ করেন। তৃণমূলের পর্যবেক্ষক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দলের আইন-শৃঙ্খলা ভঙ্গ করার কারণে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও বলেছেন, “ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
এদিকে দল সাসপেন্ড করলেও ‘মিশন বাবরি’-তে অনড় হুমায়ুন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে উত্তেজনা এবং রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us