/indian-express-bangla/media/media_files/2025/11/14/attack-2025-11-14-16-05-13.jpg)
police assault: সংঘর্ষণ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশকর্তা।
Murshidabad violence: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত রূপ নিল উত্তেজনা ও অশান্তিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশই। গুরুতর জখম হয়েছেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা। সূত্রের খবর, ধস্তাধস্তির মধ্যেই তাঁর মাথায় গভীর আঘাত লাগে।
পুলিশ সূত্রে জানা গেছে, কান্দির গোকর্ণ মাজারধার এলাকায় একটি বিতর্কিত জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছিল। আদালতের নির্দেশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি অস্বাভাবিক হতে দেখে থানায় খবর দেন। অভিযোগ, খবর পেয়ে আইসি মৃণাল সিনহা-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে এক পক্ষের সঙ্গে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। সেই সময়ই দুস্কৃতীরা হামলে পড়ে আইসি-র উপর।
ধাক্কাধাক্কির মধ্যেই মাথায় গুরুতর চোট পান মৃণাল সিনহা। তাঁকে তড়িঘড়ি গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় আটটি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। পুলিশের দাবি, হামলাকারীদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তও শুরু হয়েছে।
আরও পড়ুন-Tejashwi Yadav: বিহারের ভার তেজস্বীকে দিলেন না রাজ্যবাসী! নেপথ্যে রয়েছে এই ৩ কারণ
স্থানীয়দের বক্তব্য,“জমি নিয়ে বিবাদ বহুদিনের। পুলিশ না এলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।” আইসি-র উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলার অন্য পুলিশ আধিকারিকরাও। তাঁরা জানান, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশ আক্রান্ত হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us