/indian-express-bangla/media/media_files/2026/01/16/road-block-2026-01-16-10-43-19.jpg)
Beldanga Road Blockade: জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।
Murshidabad News: ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙা। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি চলে রেল রোকো কর্মসূচি। শুক্রবার সকাল থেকেই এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনার সূত্রপাত মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ (৩৭), বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতে। পেশায় ফেরিওয়ালা ওই যুবক ঝাড়খণ্ডে কাজে গিয়েছিলেন। পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তাঁর থাকার ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, আলাউদ্দিনকে নৃশংসভাবে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গের শ্রমিক হওয়ার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে টার্গেট করে খুন করা হয়েছে।
জাতীয় সড়ক ও রেল অবরোধ এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই বিচার চেয়ে রাস্তায় নামেন সুজাপুর ও কুমারপুরের গ্রামবাসীরা। বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়কে (কলকাতা-উত্তরবঙ্গ সংযোগকারী প্রধান রাস্তা) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাস্তার দু’দিকেই কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। কয়েক’শ পণ্যবাহী ট্রাক ও বাস আটকে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা।
প্রতিবাদের আঁচ পড়ে রেলপথেও। বেলডাঙা স্টেশনের কাছে ট্রেন অবরোধ করেন স্থানীয়রা। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলেও উত্তেজিত জনতা পিছু হটতে নারাজ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। মৃত পরিযায়ী শ্রমিকের এই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হল।
এদিকে, এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এদিন বিক্ষোভের খবর সংগ্রহে গিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হলে প্রশাসনকেই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন অধীর চৌধুরী।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us