/indian-express-bangla/media/media_files/2025/06/11/WHr4kkZ8DTQ4Dldmysis.jpg)
Shamsherganj Police Station: সামশেরগঞ্জ থানা।
এক মহিলার রহস্যজনক নিখোঁজকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদনীদোহা এলাকায়। গভীর রাতে নিখোঁজ হন ওই মহিলা। তাঁর নাম সারিনা খাতুন। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি, এমনকি দেহও উদ্ধার হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে সারিনা খাতুন তাঁর মায়ের সঙ্গেই ঘুমোচ্ছিলেন। পরিবারের দাবি, রাত আনুমানিক ২টা নাগাদ তিনি বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় বাড়ির বাথরুম সংলগ্ন এলাকায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়। তবে সারিনার কোনও হদিশ মেলেনি।
নিখোঁজ সারিনার মা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “আমার মেয়ে আমার পাশেই ঘুমোচ্ছিল। বাথরুমে যাওয়ার কথা বলে উঠেছিল। তারপর আর ফেরেনি। রক্তের দাগ আছে, কিন্তু আমার মেয়ে নেই। আমার দৃঢ় বিশ্বাস, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ, সঠিক তদন্ত হোক।”
জানা গিয়েছে, সারিনা খাতুন পেশায় একজন কবিরাজ ছিলেন এবং ঝাড়ফুঁকের কাজ করতেন। এই বিষয়টিকেও তদন্তের আওতায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
ঘটনার খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকা ঘিরে রেখে বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এটি খুন, অপহরণ নাকি অন্য কোনও রহস্য, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে ঘটনায় একাধিক রহস্যজনক দিক থাকায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এখন গোটা এলাকায় একটাই প্রশ্ন, এটি কি অপহরণ, না কি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনও রহস্য? তদন্ত শেষ হলেই সামনে আসবে প্রকৃত সত্য।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us